স্বামী-শাশুড়িকে মারধরের অভিযোগ নববধূর বিরুদ্ধে

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৫০

বরিশালে স্বামী, শাশুড়ি, ভাসুর, ননদ ও ভাতিজিকে মারধরের অভিযোগ উঠেছে এক নববধূর বিরুদ্ধে। রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নগরীর চাঁদমারী এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় নববধূ মৌরি মল্লিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন নির্যাতনের শিকার ভাসুর দুলাল বিশ্বাস। নববধূর হামলায় আহতরা হলো মৌরী মল্লিকের স্বামী দিপক বিশ্বাস, শাশুড়ি চারু বালা, ভাসুর দুলাল বিশ্বাস এবং দুলালের মেয়ে দোলা বিশ্বাস এবং ননদ বিউটি বিশ্বাস।

দুলাল বিশ্বাস জানান, তার ছোট ভাই দিপক বিশ্বাস গত ৩ মাস আগে প্রেম করে বানারীপাড়ার মাছরং গ্রামের মৌরী মল্লিককে বিয়ে করে। বিয়ের মাস খানেক পর থেকে বিভিন্ন সময় দীর্ঘক্ষণ মোবাইল ফোনে অন্য লোকের সঙ্গে কথা বলতো। এতে বাঁধা দেওয়ায় গত এক সপ্তাহ আগে কাউকে কিছু না বলে বাসা থেকে চলে যায় মৌরি। 

রবিবার সকাল ৯টার দিকে বাসায় ফিরে মৌরি পরিবারের অন্যান্য সদস্যদের ৪টি মুঠোফোন তার ভ্যানিটি ব্যাগে ঢুকিয়ে বাইরে চলে যেতে থাকে। এসময় বাঁধা দেওয়ায় স্বামী দিপককে মারধর করে মৌরি। তাকে রক্ষা করতে গেলে শাশুড়ি চারু বালা, ভাসুর দুলাল বিশ্বাস এবং দুলালের মেয়ে দোলা বিশ্বাস এবং ননদ বিউটি বিশ্বাসকে মারধর করে সে। 

                           No description available.

এ সময় মৌরি ঘরের ফ্রিজ, ড্রেসিং টেবিল এবং বাবা লোকনাথ ঠাকুরের প্রতিমা ভাংচুর করে বলে অভিযোগ করেন নির্যাতনের শিকার দুলাল বিশ্বাস। এ ঘটনার পর মৌরি ফের বাসা থেকে বের হয়ে নিরুদ্দেশ হয়ে যায় বলে জানান তার স্বামী দিপক বিশ্বাস। 

কোতোয়ালী মডেল থানার ওসি ফয়সাল আহমেদ জানান, নববধূর হাতে স্বামী, শাশুড়ি, ভাসুর, ননদ ও ভাতিজি নির্যাতন এবং মালামাল ভাংচুরের অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এসআই