বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেছেন, বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় বিদ্যমান আইন ও বিধি অনুসরণ করছে না। ইউজিসি’র নির্দেশনা তারা দেখেও না দেখার ভান করেন। বিদ্যমান আইন ও বিধি বাস্তবায়নে কমিশন প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ ও সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান কর্তৃপক্ষকে পুঙ্খানুপুঙ্খভাবে পালনের আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা কাজ পরিচালনা করা। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান তৈরি করা। কিন্তু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এসব কাজে অর্থ ব্যয় না করে বিধিবহির্ভূত ভাবে অর্থ ব্যয় করছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সতর্ক হওয়ার আহ্বান জানান।
ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ আয়োজিত ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০; সোসাইটিজ রেজিস্ট্রেশন এ্যাক্ট, ১৮৬০ ও ট্রাস্ট এ্যাক্ট, ১৮৮২’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ইউজিসির শীর্ষ কর্মকর্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।
কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ-এর সভাপতিত্বে কর্মশালায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ।
বিশ্বজিৎ চন্দ আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রথমদিকে এটিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু বর্তমান উচ্চশিক্ষা ব্যবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয় একটি বাস্তবতা। উচ্চ শিক্ষাক্ষেত্রে সরকার পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আলাদা করে দেখে না। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট আইন, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি’র নির্দেশনা শতভাগ অনুসরণে আহ্বান জানান।
ইত্তেফাক/এসআই
