জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কিশোর ছেলেকে দিয়ে গাড়ি চালানোর অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ওয়ার্ডেন মেহেদী ইকবালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (কাউন্সিল) ড. বি এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, গত ২৮ আগস্ট অনুষ্ঠিত বিশেষ ভার্চুয়াল সিন্ডিকেট সভায় মেহেদী ইকবালকে অব্যাহতি প্রদান করা হয়। সিন্ডিকেটের কার্যবিবরণীর উদ্ধৃতাংশে বলা হয়েছে, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী ইকবালের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগে দেখা যায় তাকে বিশ্ববিদ্যালয় আইন শৃঙ্খলার সুরক্ষার লক্ষ্যে সহকারী প্রক্টর ও ওয়ার্ডেন’র দায়িত্ব দেওয়া হলেও তিনি নিজের ১০-১২ বছরের একটি ছেলেকে দিয়ে গাড়ি চালিয়ে নিজেই আইন ভঙ্গ করেছেন।
বিষয়টি সিন্ডিকেটে বিস্তারিত আলোচনার পর তাকে সহকারী প্রক্টর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ওয়ার্ডেন’র দায়িত্ব থেকে সিন্ডিকেটের দিন অর্থাৎ ২৮ আগস্ট ২০২১ হতে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতির বিষয়ে জানতে চাইলে মেহেদী ইকবাল বলেন, আমাকে কি কারণে অব্যাহতি দেয়া হয়েছে আমি নিজেও জানি না। হয়ত বিশ্ববিদ্যালয়ের বৃহৎ কোন স্বার্থ আছে এখানে। বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মাননীয় উপাচার্য মহোদয় যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমার পূর্ণ শ্রদ্ধা আছে। এ ব্যাপারে আমি আর কোন মন্তব্য করতে চাই না।
এর আগে, গত ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের সাবেক ছাত্র জহুরুল হক বিশ্বিবদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর বরাবর হয়রানির অভিযোগ করেন। তবে পরবর্তীতে প্রক্টরের মধ্যস্থতায় অভিযোগটি প্রত্যাহার করে নেন সেই সাবেক শিক্ষার্থী।
লিখিত অভিযোগে বলা হয়, ১২ থেকে ১৩ বছরের একটি বাচ্চা (মেহেদী ইকবালের ছেলে) গাড়ি চালাচ্ছে। তখন জহুরুল হক মেহেদী ইকবালকে গাড়ি চালাতে অনুরোধ করেন। এ সময় মেহেদী ইকবাল উগ্রভাবে তাদের পরিচয় জিজ্ঞেস করেন। সহকারী প্রক্টরকে না চেনার দরুন তারা প্রাথমিকভাবে পরিচয় দেননি। মেহেদী ইকবাল গাড়ি থেকে নেমে তাদের সাথে উগ্র ও মারমুখী আচরণ করেন।
ইত্তেফাক/এসজেড
