মাঝে মাঝে বিড়ম্বনায় পড়ি। স্বভাবের কারণে নয়, পেশার কারণে। দেশি লেখক ডাক্তারের সংখ্যা কম। অথবা বলা যায়, বর্তমানে ডাক্তার লেখকের সংখ্যা কম। হাসপাতাল আর চেম্বারে ব্যস্ত ওনারা। দেশি লোকজনের ধারণা, ডাক্তার হলে লেখালেখির এত সময় কোথায়! অনেকে ভাবেন, ডাক্তার মানে সারা দিন ছুরি-কাঁচি, সুঁই, সিরিঞ্জ আর স্টেথো নিয়ে দৌড়াবেন!
কিছু গল্প বলি। ডাক্তার লেখকদের গল্প। লেখক ডাক্তারদের গল্প।
এগারো শতকে ইসলামিক স্কলার, গণিতজ্ঞ, জ্যোতির্বিদ, দার্শনিক, সাহিত্যিক ও চিকিত্সক ফাদার অব মেডিসিন নামে পরিচিত আবিসিনা বা আবু আলী সিনা জন্মেছেন আজকের উজবেকিস্তানের বুখারে। ৪০টি বই লিখেছেন চিকিত্সাশাস্ত্রের ওপর। ১৫০টি বই লিখেছেন দর্শন, সাহিত্য, কাব্য, এমনকি ধর্মতত্ত্বের ওপর। তার বিখ্যাত Canon of Medicine বইটি ইংল্যান্ডসহ ইউরোপের বেশির ভাগ মেডিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭ শতাব্দী পর্যন্ত মেডিসিনের প্রধান বই হিসেবে পড়ানো হতো। আমেরিকান একটি প্রকাশনী ১৯৭৩ সালেও বইটির একটি সংস্করণ প্রকাশ করে!
খ্রিষ্টান ধর্মের ইতিহাসে যিশু খ্রিষ্টের পর যে চার ব্যক্তি গুরুপ্তপূর্ণ :Mathew, Mark, Luke, John; যারা ইতিহাসে নিউ টেস্টামেন্টের ২৭টি চ্যাপ্টারের প্রথম চারটি চ্যাপ্টার গসপেলের ধর্মযাজক লেখক। এই St. Luke ছিলেন গ্রিসে জন্মগ্রহণ করা এক ডাক্তার। একই সঙ্গে ডাক্তারি, লেখালেখি এবং যিশুর বাণী প্রচার করতেন। প্রথিবীর পরিবর্তে সূর্যকে কেন্দ্র করে সৌরজগতের মডেল ঘোষণা দিয়ে যিনি আধুনিক বিজ্ঞানের জন্ম দিয়েছেন, পোল্যান্ডে জন্ম নেওয়া কোপার্নিকাস একাধারে গণিতজ্ঞ, রাজনীতিক, জ্যোতির্বিদ, লেখক, বিজ্ঞানী, এমনকি ইকোনমিস্ট ছিলেন। অনেকেই জানেন না, তিনি একজন ভালো চিকিত্সকও ছিলেন।
যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রী, ফাদার অব ইলেকট্রিসিটি অ্যান্ড মেগনেটিজম বলা হয় যাকে, উইলিয়াম গিলবার্টের নাম শুনেছেন। তিনি একই সঙ্গে একজন চিকিত্সক, পদার্থবিদ এবং ভালো লেখক ছিলেন। ষোলো শতাব্দীতে রানি প্রথম এলিজাবেথের ব্যক্তিগত চিকিত্সক গিলবার্ট ইলেকট্রিসিটি শব্দটিও তার কোনো এক লেখায় প্রথম ব্যবহার করেন।
শেক্সপিয়ারের অনেকগুলো কমেডি নাটকের একটি হলো ‘As you like it’। শেক্সপিয়ার এটা লিখেছিলেন ১৫৯৯ সালে। কিন্তু গবেষকেরা পরবর্তী সময়ে দেখেছেন, শেক্সপিয়ার নাটকের মূল ঘটনাটি নিয়েছেন ঐ সময়ের আরেকজন বিখ্যাত লেখকের একটি লেখা থেকে। তিনি হলেন Thomas Lodge। ১৫৯০ সালে ‘Rosalynde’ নামের একটি ঐতিহাসিক উপন্যাস লেখেন Lodge, শেকিপয়ার সেটা থেকে প্লট ধার করে নাটক লেখেন। Lodge একাধারে ডাক্তার এবং সেই সময়ের জনপ্রিয় লেখক ছিলেন।
আজকের ব্রিটিশ পার্লামেন্টারি রাজনীতির জনক, ফাদার অব লিবারেলিজম বলা হয় যাকে, জন লক ছিলেন দার্শনিক, লেখক, রাজনীতিক, বিজ্ঞানী এবং সবশেষে ঐ সময়ের একজন বিখ্যাত চিকিত্সক। দর্শনের গভীর তত্ত্ব Empiricism-এর ওপর লেখার পাশাপাশি বিজ্ঞানের ওপর কাজ করেছেন সেই সময়ের বিখ্যাত বিজ্ঞানী রবার্ট বয়েল, রবার্ট হুকদের সঙ্গে। বিংশ শতাব্দীতে সিগমন্ড ফ্রয়েডের ‘থিওরি অব মাইন্ড’ লকের এমফেরিকেল দর্শনতত্ত্বেরই আধুনিক সংস্করণ।
এবার ফ্রয়েডের কথায় আসি। ফ্রয়েড নিজেও একই সঙ্গে ডাক্তার, ইতিহাসবিদ, দার্শনিক, এমনকি সাহিত্যিক ছিলেন। Anthropology-এর ওপর ফ্রয়েডের বিশদ ধারণা থাকায় totem and taboo থেকে শুরু করে civilization and its discontents নিয়ে ধর্মের সঙ্গে সাইকো এনালাইসিস সংযুক্ত করে বিংশ শতাব্দীর চিন্তাধারাকেই বদলে দেন তিনি। তার চিকিত্সা গবেষণার সঙ্গে লেখক শৈলী সাইকো এনালাইসিসের বইগুলোকে গত শতাব্দীর ক্লাসিকে পরিণত করে। একজন নিউরোলজিস্ট ডাক্তারের মৌলিক চিন্তা আজ সাহিত্যিক থেকে ফিল্মমেকার, ছবি আঁকিয়ে থেকে বিজ্ঞানী, রাজনীতি থেকে অর্থনীতির বিষয়গুলোতে প্রভাব ফেলেছে। আইরিশ কবি ও ঔপন্যাসিক অলিভার গোল্ডস্মিথ এডিনবরা ইউনিভার্সিটিতে ডাক্তারি পড়েছিলেন, কিন্তু ডিগ্রি না নিয়ে তাস খেলে আর লেখালেখি করে কাটিয়েছেন।
সতেরো শতাব্দীর পরিচিত দার্শনিক থমাস ব্রাউন একাধারে দার্শনিক, লেখক ও চিকিত্সক ছিলেন। প্রথম জীবনে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আর্টসের ওপর পড়াশোনা করলেও পরে ইতালির বিখ্যাত University of Padua-য় মেডিসিনের ওপর পড়াশোনা করে ইংল্যান্ডে ফিরে এসে ডাক্তারি করেন। সতেরো শতাব্দীতে পাদুয়া ইউনিভার্সিটি মেডিসিনের জন্য খুব বিখ্যাত ছিল।
আঠারো শতকের শেষের দিকে চার্লস ডারউইনের দাদা Erasmus Darwin ছিলেন ডাক্তার, কবি, প্রকৃতিবিদ ও দার্শনিক। মানবতাবাদী Erasmus Darwinসহ আরো কয়েক জন ১৭৮৭ সালে ইংল্যান্ডে দাস ব্যবসা বন্ধ করার প্রথম উদ্যোগ নেন এবং The Society for the Abolition of the Slave Trade নামের একটি গ্রুপ তৈরি করেন। প্রথমে অনেক লেখালেখির মাধ্যমে ব্রিটিশ জনগণকে দাসপ্রথার বিপক্ষে শিক্ষিত ও সচেতন করে তোলেন। তার ও সোসাইটির প্রচেষ্টায় ১৮০৭ সালে সারা পৃথিবীতে ব্রিটিশরা প্রথম আইন করে দাসপ্রথা বন্ধ করেন। আজকের যুগে অনেক ডাক্তার বিজ্ঞান নিয়ে যেখানে সামান্য দুই কলম লেখার অযোগ্য, Erasmus Darwinসহ আরো কিছু ডাক্তার ও বিজ্ঞানী আঠারো শতাব্দীর শেষের দিকে Lunar Society নামের একটি গ্রুপ তৈরি করেছিলেন, যাদের কাজ ছিল বিজ্ঞানকে সহজ করে ইংরেজ জনগণের সামনে তুলে ধরে তাদের বিজ্ঞানে শিক্ষিত করে তোলা। একটি জাতির শিক্ষিত শ্রেণি এক দিনে তৈরি হয় না। তার পেছনে কিছু মানুষের অসামান্য অবদান থাকে, কিন্তু ইতিহাস হয়তো মানুষগুলোকে মনে রাখে না।
উনিশ শতকের ইংরেজ সেরা কবি জন কিটসের নাম শোনেনি, ইংরেজি সাহিত্য পড়া এমন স্টুডেন্ট তেমন একটা পাওয়া যাবে না। তিনি একজন চিকিত্সকও ছিলেন। ২৫ বছর বয়সে যক্ষ্মায় মারা যাওয়া এই জগত্খ্যাত রোমান্টিক কবি আজকের কিংস কলেজ লন্ডনে মেডিসিনের ওপর পড়েছিলেন।
রাশিয়ান লেখক, নাট্যকার, ছোট গল্পের জনক বলা হয় যাকে, সেই অ্যান্টন চেকভ ছিলেন একজন চিকিত্সক। ফরাসি মোপাসাঁর সঙ্গে চেকভের ছোটগল্প বিশ্ব সাহিত্যের এক অনবদ্য সৃষ্টি।
জার্মান এপিক লেখক গ্যেটের বন্ধু শিলার ছিলেন জার্মানির ইতিহাসে বিখ্যাত ইতিহাসবিদ, দার্শনিক, কবি, প্রাবন্ধিক ও চিকিত্সক। প্রথম মহাযুদ্ধের পর উপন্যাস লিখে যিনি ঐ সময়ের সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক হয়েছিলেন—ইংরেজ লেখক, নাট্যকার সমারসেট মম একাধারে চিকিত্সক, ডিপ্লোম্যাট, সিক্রেট সার্ভিস এজেন্ট।
অনেক ডাক্তারও জানেন না যে আধুনিক মেডিসিনের জনক উইলিয়াম ওসলার। কানাডিয়ান এই বিখ্যাত ডাক্তার আমেরিকার মেরিল্যান্ডের বিখ্যাত জন হপকিনস হসপিটালের প্রতিষ্ঠাতা, হিস্ট্রি অব মেডিসিনের গুরু। তিনিই প্রথম বেডসাইড ক্লিনিক্যাল ট্রেনিংয়ের প্রচলন করেন এবং ব্যক্তিগতভাবে প্যাথোলজিস্ট। এমন ডাক্তার কম আছেন, যারা পড়েননি তার বিখ্যাত মেডিসিন টেক্সট বুক The Principles and Practice of Medicine। তিনি একাধারে এক ক্ষুরধার লেখক, ইতিহাসবিদ, শিক্ষাবিদ এবং ডাক্তারদের ডাক্তার ছিলেন!
শার্লক হোমসের জনক আর্থার কোনান ডোয়েল ছিলেন একজন চিকিত্সক। এডিনবরা বিশ্ববিদ্যালয়ে মেডিসিনে পড়াকালীন অনেক ডিটেকটিভ লেখার পাশাপাশি এই লেখক চক্ষু বিশেষজ্ঞ ছিলেন। করোনাভাইরাসের এই সময়ে যার কথা না বললেই নয়, তিনি Edward Jenner, যাকে বলা হয় ভ্যাকসিনের জনক। ১৭৯৬ সালে স্মলপক্স ভ্যাকসিন আবিষ্কারের মাধ্যমে জেনার সর্ব প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেন।
কাবুলে জন্ম নেওয়া, ইরানে আশ্রয় পাওয়া, প্যারিসে কৈশোর কাটানো এবং সর্বশেষে আমেরিকায় রিফিউজি হয়ে ক্যালিফোর্নিয়ার সান্ডিয়াগো বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারনাল মেডিসিনে রেসিডেন্সি করা A Thousand Splendid Suns, The Kite Runner-এর মতো বিশ্বসাহিত্যকে নাড়া দেওয়া বিপুল জনপ্রিয় দুটি গ্রন্থের প্রণেতা একুশ শতকের সবচেয়ে জনপ্রিয় আমেরিকান কথাসাহিত্যিক খালিদ হুসাইনি পেশায় একজন ডাক্তার।
বাংলা সাহিত্যের তিন দিকপালের একটু গল্প করি। কবিতায় রবীন্দ্রনাথ, কথাসাহিত্যে শরত্চন্দ্র এবং ছোটগল্পে বনফুল। তিন জনের একটা মজার মিল ছিল। তিন জনই রবীন্দ্রনাথের সমসাময়িক কালের। না, এটা মিল নয়। তিন জনই সেই যুগে চিকিত্সক হিসেবে পরিচিত ছিলেন। রবীন্দ্রনাথ সারা জীবন হোমিওপ্যাথির প্র্যাকটিস করেছেন। নিজে, পরিবারে, লেখক বন্ধুদের, এমনকি প্রজাদেরও হোমিও ওষুধ দিতেন। ভ্রমণে গেলে বাক্স-পেট্রার সঙ্গে হোমিও দাওয়াইয়ের স্যুটকেস থাকত। শরত্চন্দ্র বার্মার রেঙ্গুনে থাকাকালীন দীর্ঘ সময় শ্রীকান্তের মতো উপন্যাস লেখার কালে হোমিওপ্যাথির চর্চা করতেন, কেরানির চাকরির পাশাপাশি পাড়ায় রোগী দেখতেন বিকেলে। বাংলা সাহিত্যের মোপাসাঁ বনফুল ওরফে বলাই চাঁদ মুখোপাধ্যায় ছিলেন অ্যালোপ্যাথি ডাক্তার, একজন ভালো প্যাথোলজিস্ট।
আরো অনেকের নাম বলা যায়। আরো অনেকের লেখকজীবন ও চিকিত্সক জীবন নিয়ে বলা যায়। মেক্সিকান ন্যাশনাল পুরস্কারপ্রাপ্ত ঔপন্যাসিক আজুলা (Azuela), জার্মান কবি ও প্রাবন্ধিক Gottfried Benn, যিনি পাঁচ বার সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন, উনিশ শতকের শেষের দিকে ব্রিটিশ জনপ্রিয় ভ্রমণ লেখক ডেভিড লিভিংস্টোন, ভারতে কাজ করতে গিয়ে বিংশ শতাব্দীর শুরুতে ম্যালেরিয়ার কারণ আবিষ্কার এবং ১৯০২ সালে যে কারণে চিকিত্সায় নোবেল পুরস্কার পান Ronald Ross, বিখ্যাত জাপানি নাট্যকার Kobo Abe, ইন্টারনেট দুনিয়ায় জনপ্রিয় ভারতীয় আমেরিকান স্পিরিচুয়াল লেখক দীপক চোপড়া, মিশরীয় আন্তর্জাতিক লেখক ইউসুফ ইদ্রিস—এরা প্রত্যেকেই পেশায় চিকিত্সক, মননে লেখক।
জ্ঞানের কোনো ভাগ নেই। জ্ঞান মানে জীবনের আন্তঃসম্পর্কগুলো বোঝা। পেশা জীবনের ছোট একটি অংশ। জ্ঞান হলো জীবনের সেই বিভিন্ন অংশের সমন্বয়। যে পারে, সে সব পারে। যে পারে না, সে অজুহাত ঝাড়ে।
n লেখক :চিকিত্সক, ইংল্যান্ড

