বাংলাদেশের দই খেয়ে মুগ্ধ জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার। এতটাই মুগ্ধ যে এক হাঁড়ি দই মাত্র ১০ সেকেন্ডেই খেয়ে ফেলেছেন তিনি। খাওয়ার পর খালি হাঁড়ির ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। কয়েক মাস আগে ঢাকা আসা জার্মান রাষ্ট্রদূত গত শুক্রবার পরপর দুটি টুইট করে দই খাওয়ার অনুভূতি প্রকাশ করেন।
প্রথম টুইটে এক হাঁড়ি ভর্তি দইয়ের ছবি পোস্ট করে ‘ঢাকাফুড’ হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন, ‘ঢাকায় মোটা হওয়া এড়ানোর কোনো সুযোগ নেই। জীবনে প্রথমবারের মতো কেউ মিষ্টি দই খাওয়াল। কী যে সুস্বাদু! এর কিছুক্ষণ পরই ঐ দইয়ের খালি হাঁড়ির ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ১০ সেকেন্ড পরে, এর মানে দাঁড়ায় মাত্র ১০ সেকেন্ডেই তিনি ঐ হাঁড়ি ভর্তি দই শেষ করেছেন।
