সব বাণিজ্যিক ব্যাংকের কাছে জাতীয় প্রেসক্লাবসহ সাংবাদিকদের গুরুত্বপূর্ণ সংগঠনের নির্বাচিত শীর্ষ নেতাদের ব্যাংক হিসাব বিবরণী চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি। ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় বিষয়টিতে বিস্ময় প্রকাশ ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, প্রচলিত আইনে কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হতেই পারে। কিন্তু শুধু একটি পেশার সব সংগঠনের নির্বাচিত শীর্ষ নেতাদের নামে ঢালাও এই সিদ্ধান্ত বিশেষ উদ্দেশ্যমূলক বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢালাও ব্যাংক হিসাব তলবে সাংবাদিক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, এমনকি নজিরবিহীনভাবে জাতীয় প্রেসক্লাবের মতো একটি জাতীয় প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। যা কখনো কোনোকালে ঘটেনি। এতে নির্বাচিত সাংবাদিক নেতাদের জনসমক্ষে হেয় ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। জাতীয় প্রেসক্লাব সাংবাদিক সমাজকে হেয় প্রতিপন্নকারী এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছে।
উল্লেখ্য, গত রবিবার জাতীয় প্রেসক্লাবসহ সাংবাদিকদের শীর্ষ ছয় সংগঠনের নেতাদের ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ।
