নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে আইসোলেশনে গেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা আনভিজা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়া প্রেসিডেন্ট বোলসোনারোর পুরো প্রতিনিধি দলকে দেশে ফেরার পর আইসোলেশনে থাকার ও আরো পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল। সেই পরামর্শ মেনে বুধবার থেকে বাড়িতে আইসোলেশনে আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
মঙ্গলবার জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার কয়েকঘণ্টা পর নিউ ইয়র্কে পরীক্ষায় বোলসোনারোর সফরসঙ্গী স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কিরোগার কোভিড-১৯ শনাক্ত হয়। তারপর থেকে নিউ ইয়র্কে কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য হন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী কিরোগা। তবে পরীক্ষায় প্রেসিডেন্ট বোলসোনারোসহ ব্রাজিল প্রতিনিধি দলের বাকি সবার নেগেটিভ ফল আসে বলে এক বিবৃতিতে জানিয়েছে ব্রাজিল সরকারের গণযোগাযোগ দপ্তর। মঙ্গলবার সকালে জাতিসংঘ ভবনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বোলসোনারোর বৈঠকে তার সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী কিরোগা। বৈঠকের সময় কিরোগা মাস্ক পরা থাকলেও ঐ দুই নেতার কারোরই তা ছিল না। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, ব্রাজিল সরকার জাতিসংঘকে জানিয়েছে তাদের পুরো প্রতিনিধি দল ১৪ দিনের জন্য স্বেচ্ছা-কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছে।
