চীনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তাইওয়ানের

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:১২

চীনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনেছে তাইওয়ান। এর আগে তাইওয়ানের বিমান বাহিনীর নির্ধারিত অঞ্চলে অবৈধভাবে ২৪টি যুদ্ধবিমান পাঠায় বেইজিং। যা তাইপে ও বেইজিংয়ের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে গত দুই বছরে তৃতীয় বৃহত্তম অনুপ্রবেশ। মার্কিন মিডিয়ার বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দুটি গ্রুপে ভাগ হয়ে তাইওয়ানের বিমান বাহিনীর নির্ধারিত অঞ্চলে অনুপ্রবেশ করেছে চীনের পিপল'স লিবারেশন আর্মির যুদ্ধবিমান। এর মধ্যে ছিল বোম্বার'স, যুদ্ধবিমান, সাবমেরিন প্রতিরোধকারী বিমান এবং মানুষবিহীন বিমান। একটি গ্রুপে ছিল ১৯টি এবং অন্যটিতে ৫টি বিমান।

তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ম্যাপে দেখা গেছে, এইচ-সিক্স বোম্বার'সসহ চীনের কয়েকটি যুদ্ধবিমান তাইওয়ানের দক্ষিণাঞ্চলের আশপাশে উড়ে-বেড়াচ্ছে।

জবাবে, রেডিও সতর্কতা জারি করে তাইওয়ান। একই সঙ্গে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের কার্যক্রম পর্যবেক্ষণ শুরু করে।

চীনা বিমানের অনুপ্রবেশের ঘটনার আগের দিনই তাইওয়ান আনুষ্ঠানিকভাবে ব্যাপক এবং প্রগতিশীল ট্রান্স-পাসিফিক অংশীদারিত্ব মুক্ত বাণিজ্য চুক্তিতে যোগদান করতে আবেদন করেছে।

ইত্তেফাক/টিএ