গোপালগঞ্জে কুকুরে তরকারি খাওয়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ঘুঘালিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।নিহত তাহমিনা বেগম (৩২) ওই গ্রামের রবিউল শেখের স্ত্রী।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান জানান, তাহমিনা সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির উঠানের চুলায় তরকারি রান্না করেন। রান্না করা তরকারি চুলার পাড়েই রেখে আসেন। কিছু সময় পরে ভাতিজা সজিব শেখের (৩০) পালিত কুকুর ওই তরকারি খেয়ে ফেলে। এ নিয়ে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে ভাতিজা ছুরি দিয়ে কুপিয়ে চাচীকে রক্তাক্ত জখম করে। আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথম গোপালগঞ্জ জেনারেল হাসপতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা নেওয়ার পথে দুপুর সাড়ে ১২ টায় চাচী তাহমিনা মারা যান।
আরো পড়ুন: ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১১ মার্চ
ভাতিজা সজিব শেখ পলাতক রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভাতিজা সজিবকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
ইত্তেফাক/অনি
