ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে ঢাবির আরও দুই শিক্ষার্থীকে বহিষ্কার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ও অবৈধ উপায়ে ভর্তি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। এর আগে তাদের সাময়িক বহিষ্কার করা হয়। সোমবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের এক সভায় স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা পরিষদের সভাপতি অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, ডিজিটাল জালিয়াতি ও অবৈধ উপায়ে ভর্তি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের দু’জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ছাত্র মো. আকতারুল করিম রুবেলকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে ‘কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না’-এই মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৭২ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত দু’জন শিক্ষার্থী হলেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. রাকিব হাসান এবং ভূতত্ত্ব বিভাগের ইশরাক হোসেন রাফি। বহিষ্কারের বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে।

ইত্তেফাক/এসআই