অভিবাসীদের সেবা সহজীকরণে কাজ করছে সৌদি সরকার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৩

সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে বিদেশি কর্মীদের জন্য সৌদি আরবকে একটি আকর্ষণীয় গন্তব্য, তাদের অধিকার সংরক্ষণ ও সেবা প্রদানের প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে কাজ করছে সৌদি সরকার। 

সৌদি আরবে মানবসম্পদ রপ্তানিকারক দেশসমূহের অনানুষ্ঠানিক সংগঠন সৌদি লেবার ফোরামের এক বৈঠকে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী সাত্তাম আল হারবী এ কথা বলেন।  

রিয়াদের স্থানীয় এক হোটেলে সোমবার আয়োজিত এক বৈঠকে সংগঠনের আট সদস্য রাষ্ট্রের মিশন প্রধানদের উপস্থিতি ছিলেন। বৈঠকে ফিলিপাইনের রাষ্ট্রদূত আদনান ভি আলোন্তো সভাপতিত্ব করেন।

বৈঠকে মার্চ ২০২১ এ চালুকৃত লেবার রিফর্ম ইনিশিয়েটিভ এর বিষয়ে আলোচনা হয়। 

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার) লেবার রিফর্ম ইনিশিয়েটিভ বাস্তবায়নের ক্ষেত্রে প্রবাসী কর্মীদের সমস্যা এবং তা কাটিয়ে উঠার জন্য সম্ভাব্য উপায় হিসেবে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব তুলে ধরেন। পাশাপাশি তিনি সৌদি লেবার ফোরামের  নিয়মিত বৈঠক আয়োজনের উপর গুরুত্বারোপ করেন। যাতে করে সৌদি আরবে প্রবাসী কর্মীদের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেয়া যায়। 

সভায় ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, শ্রীলংকা ও ভিয়েতনামের রাষ্ট্রদূত ও মিশন প্রধানগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী তা সমাধানের আশ্বাস প্রদান করেন।

ফোরামের সভাপতি ফিলিপাইনের রাষ্ট্রদূত আদনান ভি আলোন্তো নিয়মিত এই ফোরামের সভা আয়োজনের আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

ইত্তেফাক/এমএএম