পাঞ্জাব কংগ্রেসের সভাপতির পদ ছাড়লেন সিধু

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:২০

বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা খেলো ভারতের পাঞ্জাব কংগ্রেস। দলটির পাঞ্জাব শাখা সভাপতির পদ ছেড়েছেন সাবেক ক্রিকেটার নভজিৎ সিং সিধু। তবে পদ ছাড়লেও দলের কর্মী হিসেবে কাজ করার কথা জানিয়েছেন তিনি। এসব উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

জানা গেছে, কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সোনিয়া গান্ধীকে পদত্যাগপত্র পাঠিয়েছেন সিধু। প্রাক্তন জাতীয় ক্রিকেটার সিধুকে গত ১৫ জুলাই পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপরেই তৎকালীন মুখ্যমন্ত্রী অমরেন্দ্রর সঙ্গে তার সংঘাত প্রকাশ্যে আসে। 

লোকসভা এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ সিধু এক সময় অমরেন্দ্র মন্ত্রিসভারও সদস্য ছিলেন। ২০১৭ সালে বিজেপি ছেড়ে তিনি কংগ্রেসে যোগ দেন। তবে কংগ্রেসে থাকার কথা জানালেও ইস্তফায় কংগ্রেস সভানেত্রীকে সিধু লিখেছেন, পাঞ্জাবের ভবিষ্যৎ এবং উন্নয়নের প্রশ্নে আমি কোনো আপস করব না।

ইত্তেফাক/এসএ