বশেমুরবিপ্রবিতে ৭ অক্টোবরে হল খোলার সিদ্ধান্ত 

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০১:৫৪

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আবাসিক হলসমূহ আগামী ৭ অক্টোবর থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হলে উঠার জন্য আবাসিক শিক্ষার্থীদের কমপক্ষে করোনাভাইরাসের এক ডোজ টিকা গ্রহণ করতে হবে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২৪তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম দফায় আগামী ৭ অক্টোবর থেকে চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের জন্য হল খোলা হবে। পরে ২০ অক্টোবর থেকে সকল শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে। এক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীর জন্য অন্তত এক ডোজ টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর  শ্রেণির শিক্ষার্থী আবু জাহিদ বলেন, হলের অধিকাংশ আবাসিক শিক্ষার্থী ইতিমধ্যে দুই ডোজ টিকা গ্রহণ করেছেন। আমরা যথাযথ বিধি মেনে হলে উঠতে প্রস্তুত আছি।

হল প্রভোস্ট কমিটির সভাপতি মো. রোকনুজ্জামান বলেন, ইতিমধ্যে আমরা হল খোলার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে আরও কিছু বিষয় প্রশাসনের নিকট লিখিতভাবে সুপারিশ করেছি।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২০ সালের ১৮ মার্চ থেকে বশেমুরবিপ্রবির সকল কার্যক্রম বন্ধ করে শিক্ষার্থীদের হল ত্যাগের নোটিশ দেওয়া হয়েছিল। দীর্ঘ ১৮ মাস শেষে গত ১৫ সেপ্টেম্বর থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হলেও বন্ধ রয়েছে আবাসিক হলসমূহ।

ইত্তেফাক/কেএইচ/টিএ