ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরীক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রগুলোর বাইরে বসে প্রস্তুতি নিচ্ছেন তারা। বটতলা, কার্জন হল, লাইব্রেরি এলাকা, টিএসসি, বিভিন্ন হলের সামনে বসে শেষবারের মতো চোখ বুলিয়ে নিচ্ছেন বইয়ের ওপর।
আজ শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টা থেকে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে। ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আটটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা পরীক্ষার্থী মিল্লাত হোসেন বলেন, আগেই ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আমাদের শিক্ষকরা যেভাবে বুঝিয়ে দিয়েছেন সেভাবে পড়া আছে সবকিছু। এখন শুধু একটু করে চোখ বুলিয়ে নিচ্ছি। যাতে পরীক্ষার হলে বিষয়টি সহজতর হয়ে উঠে। প্রস্তুতি অনুযায়ী পরীক্ষায় ভালো ফলাফলের প্রত্যাশা এ পরীক্ষার্থীর।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্পটে পেপার কিংবা মাদুর বিছিয়ে, কেউবা ভবন কিংবা স্থাপনার সিঁড়িতে বসে নিজেদের প্রস্তুতি নিচ্ছেন। মনোযোগ হাতে থাকা বইয়ের দিকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইউনিটে এবার মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। সেখানে মূল পরীক্ষায় (বহুনির্বাচনী ও লিখিত) ১০০ নম্বর এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ নম্বর করে মোট ২০ নম্বর থাকবে। (মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে ২ দিয়ে গুণ; উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে ২ দিয়ে গুণ করে এই দুইয়ের যোগফল)

ছবি: আব্দুল গনি
ক, খ, গ ও ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে। উভয় অংশের জন্য ৪৫ মিনিট করে সময় থাকবে। তবে চ ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় বরাদ্দ থাকবে।
করোনাভাইরাস মহামারির মধ্যে এবার রাজধানী ঢাকা ছাড়াও শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। ঢাকা বিভাগের ভর্তি পরীক্ষার কেন্দ্র হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই। এ ছাড়া অন্য যে সাতটি বিভাগীয় শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা হবে।
কেন্দ্রগুলো হলো-রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)৷
বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে স্থাপিত কেন্দ্রে আজ একই সময়ে অর্থাৎ বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/এএএম
