অবশেষে শাটলের চিরচেনা হুইসেলে জেগেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ৫৬২ দিন পর শাটল ফিরেছে তার আপন নীড়ে। তবে নিয়মিত যাত্রীদের নিয়ে নয়, শাটল ফিরেছে অতিথিদের নিয়ে।
শুক্রবার (১ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের একঝাঁক পরীক্ষার্থী নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশনে ভিড়েছে একটি শাটল। এইবার প্রথম বিভাগীয় শহরগুলোতে হচ্ছে ঢাবির ভর্তিপরীক্ষা। সেকারণে চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্র ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পরীক্ষার্থীদের সুবিধার্থে ১ম দুইদিন শাটল চালানোর সিদ্ধান্ত নিয়েছে চবি প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের এমন ব্যবস্থাপনায় খুশি শিক্ষার্থী-অভিভাবকরা। কক্সবাজার থেকে পরীক্ষা দিতে আসা আব্দুল হান্নান দৈনিক ইত্তেফাককে বলেন, ‘শাটল ট্রেনের অনেক গল্প শুনেছি। এইবার প্রথম চড়লাম শাটলে। যাতায়াতের জন্য এমন ব্যবস্থাপনা প্রশংসনীয়।’
দুপুর পৌনে দুইটায় চবি ক্যাম্পাস থেকে বটতলীর উদ্দেশে ছেড়ে যায় এটি। এদিন ‘ক’ ইউনিটে চট্টগ্রামে ভর্তিচ্ছু পরীক্ষার্থী ১১ হাজার ১৯৪ জন।
ইত্তেফাক/এমআর
