চকবাজারে নকল ওষুধ ও প্রসাধনী তৈরির অভিযোগে তিন জন গ্রেফতার

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২২:৪৪

প্রসাধনী ও নকল ওষুধ সামগ্রী তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে রাজধানীর চকবাজার এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার চকবাজার থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন—আলতাফ হোসেন, সোহেল হাওলাদার ও সালমান।

লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান বলেন, চকবাজার এলাকায় নকল ওষুধ ও প্রসাধনী প্রস্তুত হচ্ছে এবং তা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার চকবাজার থানার দেবীদাস লেন, ৩৯/১ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে আলতাফ, সোহেল ও সালমানকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় বিভিন্ন দেশি-বিদেশি নকল প্রসাধনী সামগ্রী ও ওষুধ।

অপর এক অভিযানে একই দিন রাতে দেবীদাস লেন, ৪১/১/ডি নম্বর বাসায় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।

ফজলুর রহমান আরো বলেন, নকল ওষুধ এবং প্রসাধনী সামগ্রী তৈরির কারখানায় কোনো কেমিস্ট ও ল্যাবরেটরি নেই। গ্রেফতারকৃতরা কারখানায় তৈরীকৃত নকল ওষুধ এবং প্রসাধনী সামগ্রী ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে। এসব নকল ওষুধ এবং প্রসাধনী মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এ বিষয়ে চকবাজার থানায় পৃথক দুটি মামলা হয়েছে।