করোনা পরিস্থিতিতে ১৮ মাস ধরে বন্ধ থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল খোলার বিষয়ে আগামী ৪ অক্টোবর সিদ্ধান্ত হতে পারে।
শনিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান দৈনিক ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে। এতে হল খোলার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এর আগে গত ২৬ ও ৩০ সেপ্টেম্বর শিক্ষার্থীরা হল খোলার দাবিতে মশাল মিছিল ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড মাহবুবুর রহমান বলেন, হল বন্ধ থাকায় ছেলে-মেয়েরা কষ্ট করছে। ৪ তারিখে একাডেমিক কাউন্সিলের সভা রয়েছে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইত্তেফাক/ইউবি
