করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২২ অক্টোবর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আবাসিক হল খুলে দেওয়া হচ্ছে।
রবিবার (৩ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৮১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য বিভাগের সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ২২ অক্টোবর তৃতীয় ও চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের জন্য এবং আগামী ৫ নভেম্বর অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়া হবে। তৃতীয় ও চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ২৫ অক্টোবর। এছাড়া প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ৭ নভেম্বর। কোভিড ১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণকারী শিক্ষার্থীগণ টিকা কার্ড প্রদর্শন করে হলে প্রবেশ করতে পারবে।
ইত্তেফাক/এমএএম
