বছর শেষে বাইডেন-শি জিনপিংয়ের দ্বিপক্ষীয় বৈঠক

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১১:০৩

চলতি বছরের শেষে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন বিশ্বের দুই শক্তিধর নেতা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অনলাইনে ভার্চুয়ালি এই বৈঠক আয়োজিত হবে। স্থানীয় সময় গতকাল বুধবার একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাতে এমনটি জানিয়েছে এনডিটিভি। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা সাংবাদিকদের জানান, ভার্চুয়াল বৈঠকের জন্য নীতিগতভাবে চুক্তি হয়েছে। ওই কর্মকর্তা বলেন, শি-কে দেখতে কতই না ভালো লাগবে। এই বৈঠক তিনি কয়েক বছর ধরে করেননি। 

তিনি আরো জানান, রোমে অনুষ্ঠিত আসন্ন জি-২০ সম্মেলনে অংশ নেবেন না শি। আর এ জন্যই ভার্চুয়াল বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে।

তাইওয়ান ইস্যুতে শি জিন পিংকে ফোন বাইডেনের

এদিকে, মার্কিন স্থানীয় সময় বুধবার জুরিখে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এবং চীনের শীর্ষ কূটনৈতিক ইয়াং জিচির মধ্যে ছয় ঘণ্টা বৈঠক হয়েছে।

গত মঙ্গলবার তাইওয়ান নিয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করার কথাটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বাইডেন বলেন, ‘আমি শি জিন পিংয়ের সঙ্গে তাইওয়ান নিয়ে কথা বলেছি। আমরা সম্মত হয়েছি তাইওয়ান চুক্তি মেনে চলব।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি মনে করি, চীনের প্রেসিডেন্ট চুক্তির অন্যথা করবেন না।’

জানা যায়, তাইওয়ান সম্পর্ক চুক্তি বা ‘তাইওয়ান রিলেশনস অ্যাক্ট’ অনুসারে, যুক্তরাষ্ট্র বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখবে। আর তাইওয়ানের ভবিষ্যৎ শান্তিপূর্ণ উপায়ে নির্ধারিত হবে।

চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে। কিন্তু তাইওয়ান নিজেদের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে। চলমান উত্তেজনার জন্য বেইজিংকে দোষারোপ করে আসছে তাইওয়ান। অন্যদিকে, তাইওয়ানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে চীন।

ইত্তেফাক/টিআর