রংপুরের সাহেবগঞ্জ এলাকা থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী তানভির আলম তুষারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে এগারোটার দিকে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। রংপুর মেট্রোপলিটন আওতাধীন হারাগাছ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত তানভির আলম তুষার শিক্ষার্থী ওই এলাকার মহসিন আলীর ছেলে এবং বেরোবির ৮ম ব্যাচ ও অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ, সহপাঠী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিদ্যুতের মাল্টিপ্লাগের তার গলায় পেঁচানো অবস্থায় নিজেদের টিনের ঘরের কাঠের পাইরের সাথে ঝুলে থাকা অবস্থায় তুষারের মরদেহ দেখতে পান তার পরিবারের সদস্যরা। পরে স্বজনরা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। এর আগে তুষার নিজের ফেসবুকের টাইমলাইনে ‘আই কুয়িট ফর এভার’ লিখে একটি পোস্ট দেন। পোস্ট দেয়ার আনুমানিক ১০ ঘণ্টা পড়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
হারাগাছ থানার ওসি শওকত আলী সরকার জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপের টাকা খরচ করে ফেলায় অভিভাবকের সাথে মনোমালিন্য হয়। এ ঘটনায় অভিমান করে তুষার আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে লাশ হস্তান্তর এবং পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
তুষারের বিষয়ে বেরোবি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেলাল উদ্দীন বলেন, সকালের দিকে বাড়িতে সে আত্মহত্যা করে। এখন পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি। সে খুবই মেধাবী এবং সবার প্রিয় ছাত্র ছিল। তার এভাবে চলে যাওয়া কোনভাবেই মেনে নিতে পারছিনা। আমরা অর্থনীতি বিভাগ ও বিশ্ববিদ্যালয় পরিবার এ ঘটনায় শোকাহত।
ইত্তেফাক/ইআ/এনএ
