সর্বনিম্ন ১৫ শতাংশ করপোরেট ট্যাক্স আরোপে ১৩৬ দেশের চুক্তি

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৩:০৩

বহুজাতিক কোম্পানিগুলোর ওপর সর্বনিম্ন ১৫ শতাংশ করপোরেট ট্যাক্স আরোপে চুক্তি সই করেছে বিশ্বের ১৩৬টি দেশ। পাশাপাশি যে লাভ কোম্পানিগুলো করবে, তার একটি ন্যায্য অংশ যেন তারা কর হিসেবে দেয়, তাই নিশ্চিত করা হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সাল থেকে এ চুক্তি বাস্তবায়ন শুরু হবে। গতকাল শুক্রবার অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এ ঘোষণা দেয়।

বিশেষজ্ঞদের মতে, চুক্তিতে সর্বনিম্ন ১৫ শতাংশ করপোরেট ট্যাক্স ধার্য করা হয়েছে। যা খুবই কম। তবে এতে বড় কোম্পানিগুলোর মুনাফায় চলতি বছর অন্তত ১০ শতাংশ পর্যন্ত প্রভাব পড়তে পারে। 

Global minimum corporate tax rate has been reached: OECD

এ প্রসঙ্গে ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক বলেন, চুক্তিটি আধুনিক যুগের বৈশ্বিক কর ব্যবস্থার উন্নতি করবে। বহুজাতিক বড় কোম্পানিগুলো যেখানেই ব্যবসা করুক, তারা তাদের ন্যায্য কর প্রদান করবে।

এদিকে, ওইসিডি জানিয়েছে যে, এ চুক্তির ফলে যদি ন্যূনতম করও আরোপ করা হয়, তাহলে বছরে অন্তত ১৫০ বিলিয়ন ডলার রাজস্ব বৃদ্ধি পাবে।

বিবিসি জানায়, ১৩৬টি দেশ এই চুক্তিকে অংশ নেওয়ায় গুগল, অ্যাপল, অ্যামাজন ও ফেসবুকের মতো টেক জায়ান্টের ওপর বড় প্রভাব পড়বে।

ওইসিডি মহাসচিব ম্যাথিয়াস করম্যান বলেন, একটি সুদূরপ্রসারী চুক্তি হয়েছে। এর বাস্তবায়নে আমাদের এখন দ্রুত কাজ করতে হবে।

ইত্তেফাক/টিআর