করোনার টিকার রেজিস্ট্রেশন করার পর এখনো পাননি এমন শিক্ষার্থীদেরকে টিকার আওতায় আনছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) প্রশাসন। আগামী মঙ্গলবার (১২ অক্টোবর) থেকে এ আওতায় মাস্টার্স ও অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের 'আগে আসা'র ভিত্তিতে ২০০ ডোজ টিকা প্রদান করা হবে।
রবিবার (১০ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন।
তিনি বলেন, মঙ্গলবার থেকে আমাদের টিকা কেন্দ্রে বহু প্রতীক্ষিত টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। মাস্টার্স ও অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের 'আগে আসার ওপর' ভিত্তি করে সেদিন ২০০ ডোজ টিকা দেওয়া হবে। টিকা নেওয়ার জন্য শিক্ষার্থীদেরকে অবশ্যই টিকার রেজিস্ট্রেশন কার্ড ও এর একটি ফটোকপি এবং স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসতে হবে।
বাকি শিক্ষার্থীদের টিকা প্রদান সম্পর্কে জানতে চাওয়া হলে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, একসাথে ৫টি বর্ষের শিক্ষার্থীদের টিকা প্রদানের ঘোষণা দেওয়া হলে মেডিকেল সেন্টারে শিক্ষার্থীরা ভিড় জমাতে পারে যা পরবর্তীতে হিতে-বিপরীত হবে। তাই আমরা প্রথমে মাস্টার্স ও অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদেরকে টিকা দিবো। পরবর্তীতে ধীরে ধীরে সবাইকে টিকার আওতায় নিয়ে আসবো।
কোন টিকাটি দেওয়া হবে জানতে চাইলে উপাচার্য জানান, টিকাকেন্দ্রে টিকা প্রদান কর্মসূচিটি সিটি কর্পোরেশন এর আওতায় ডিজি হেলথ অফিস কর্তৃক পরিচালিত হবে। টিকার বিষয়ে তারা আমাদের এখনো কিছু জানায় নি।
ইত্তেফাক/এমএএম
