জাবির হল খুলছে কাল

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১:১৬

করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে দেড় বছরের বেশি সময় বন্ধের পর আগামীকাল সোমবার শর্ত সাপেক্ষে খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল। 

তার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে খানাখন্দে ভরা সড়ক সংস্কার ও আবাসিক হলগুলোর প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি ক্যাম্পাসে স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। 

এ ছাড়া হলগুলোতে শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে উঠানো, অছাত্রদের অবস্থান নিষিদ্ধ ও ‘গণরুম’ না রাখারও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

সরেজমিনে ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের হলগুলোর দেয়ালে নতুন রং করা হয়েছে। এ ছাড়া হলের ডাইনিং, ক্যান্টিন, ক্যাফেটেরিয়া ও পাঠকক্ষগুলো পরিষ্কার করা হয়েছে। হলে নতুন করে হাত ধোয়ার বেসিন বসানোর পাশাপাশি সাবান ও স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। এমনকি হলের বাগান-মাঠসহ গোটা ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের চলমান কাজে ব্যবহৃত ভারী যানবাহন চলাচলে সড়কে সৃষ্ট খানাখন্দও সংস্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবুর রহমান বলেন, সব হলের সংস্কার কাজ শেষ হয়েছে। হলগুলোতে শিক্ষার্থীরা উঠতে পারবেন। তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তিনটি করে মাস্ক দেওয়া হবে। তবে হলে গণরুম কিংবা মিনি গণরুম না রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে কোন কারণে যদি গণরুম রাখতেই হয়, তাহলে সামাজিক দূরত্ব মানতে নির্দেশ দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রথম বর্ষের (৪৯ ব্যাচ) শিক্ষার্থীদের হলে উঠতে কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। কয়েকটি বিভাগের শিক্ষার্থীদের স্নাতকোত্তর পরীক্ষা শেষ হয়নি। তাদের পরীক্ষা শেষ হলেই হল ছেড়ে দিবেন। তখন প্রথম বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। এছাড়া ইতিমধ্যে যাদের স্নাতকোত্তর পরীক্ষা শেষ হয়েছে তারা হলে উঠতে পারবেন না।

ইত্তেফাক/এএএম