পিরোজপুর অফিস
মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, জনগণের সেবা করতে প্রধানমন্ত্রী আমাদের নিয়োজিত করেছেন। আমরা যারা জনগণের সেবক তারা কখনো নিজেকে জমিদার মনে করবো না। তাই জনগণের সেবার মনমানসিকতা নিয়ে কাজ করতে হবে। কেননা আমরা কেউ কেউ জনগণের ভোটে নির্বাচিত আবার কেউ কেউ জনগণকে সেবা দিতে সরকারি কর্মকর্তা বা কর্মচারী হিসেবে নিয়োজিত হয়েছি। তিনি বলেন, সেবা দুনিয়ার সবচেয়ে বড় পুণ্যের কাজ। আমরা আমাদের কর্তব্য যথাযথভাবে পালন করে আমাদের রিজিক হালাল করব। এটাই আমাদের প্রতিজ্ঞা থাকা উচিত।
গতকাল রবিবার পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাছের পোনা অবমুক্ত, উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং হিন্দুদের দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ মন্ত্রীর নিজস্ব তহবিলের অনুদান ও জেলা পরিষদের তহবিল থেকে আর্থিক অনুদান প্রদানের পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমানে হিন্দুদের দুর্গাপূজা এখন আর শুধু পূজার মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এখন বাঙালির সর্বজনীন উত্সবে পরিণত হয়েছে।
