লিবিয়ায় অভিবাসনপ্রত্যাশীদের বিক্ষোভ, বাড়ছে আতঙ্ক 

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৭:৪৭

আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইতে ত্রিপোলির জাতিসংঘ কেন্দ্রের সামনে অবস্থান নেন শত শত অভিবাসনপ্রত্যাশী৷ পুলিশের গুলিতে অন্তত ছয়জন নিহত হওয়ার পর লিবিয়া ছাড়তে মরিয়া তারা৷

এক সপ্তাহ আগে দেশটির রাজধানী ত্রিপোলির বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অভিবাসনপ্রত্যাশীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে লিবিয়ার আইন-শৃঙ্খলা বাহিনী৷ অভিযানে পাঁচ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশীকে আটক করে কারাগারে পাঠানো হয়৷

Libyen Schießerei in libyschem Haftzentrum nach Übergriffen von Migranten

পাঁচ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশীকে রাখায় ত্রিপোলির কারাগারে ভিড় অত্যন্ত বেড়ে যায়৷ শুক্রবার (৮ অক্টোবর) ব্যাপক বিক্ষোভ শুরু হয়ে যায় সেখানে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে অন্তত ছয়জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয় বলে জাতিসংঘের অভিবাসন সংক্রান্ত সংস্থা আইওএম জানায়৷

অতিরিক্ত ভিড়ে সহিংসতা বেধে গেলে এক সুযোগে অনেক অভিবাসনপ্রত্যাশী কারাগার থেকে পালিয়ে যায়৷ পরে অভিযান চালিয়ে তাদের অনেককে আবার আটক করে পুলিশ৷

রবিবার (১০ অক্টোবর) ত্রিপোলির জাতিসংঘ কেন্দ্রের সামনে শত শত অভিবাসনপ্রত্যাশী ভিড় জমান৷ তাদের অনেকের শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ বা আঘাতের চিহ্ন ছিল৷

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, ত্রিপোলির জাতিসংঘ কেন্দ্রের সামনে ভিড় করা অভিবাসনপ্রত্যাশীদের সহযোগিতা করতে প্রস্তুত তারা৷ তবে যাদের অবস্থা বেশি খারাপ, সহযোগিতার হাত তাদের দিকেই আগে বাড়ানো উচিত বলে মনে করে তারা৷ তাই অগ্রাধিকার তালিকায় কাদের রাখা যেতে পারে তা চিহ্নিত করার জন্য জাতিসংঘ কেন্দ্রের সামনের ভিড় কমানোর আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর৷

ইত্তেফাক/এএইচপি