বন্ধ হওয়ার দুই সপ্তাহ পর বিজ্ঞাপন ছাড়াই বাংলাদেশে সমপ্রচারে ফিরেছে ভারতীয় টেলিভশন চ্যানেল ’জি বাংলা’। কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি এস এম আনোয়ার পারভেজ গতকাল শুক্রবার রাতে জানান,জি বাংলা কর্তৃপক্ষের তরফ থেকে ‘ক্লিন ফিড’ পেয়ে পরিবেশকরা পরীক্ষামূলকভাবে সমপ্রচার শুরু করেছেন।বন্ধ থাকা বাকি চ্যানেলগুলোও পর্যায়ক্রমে সমপ্রচারে ফিরবে।
অনুষ্ঠানের ফাঁকে বিজ্ঞাপন প্রচার করে-এমন বিদেশি টেলিভিশন চ্যানেল সমপ্রচার করার সুযোগ বাংলাদেশের আইনে নেই। সেই নিয়ম বাস্তবায়নে সরকার কঠোর অবস্থানে গেলে পরিবেশক ও কেবল অপারেটররা গত ১ অক্টোবর জি বাংলা, স্টার জলসা, স্টার স্পোর্টসহ ৬০টির মত বিদেশি চ্যানেলের সমপ্রচার বন্ধ করে দেয়।
কিন্তু ক্লিন ফিড দেয়- এমন কিছু চ্যানেলও সে সময় বন্ধ রাখা হয়। পরে সরকারের হস্তক্ষেপে সেসব চ্যানেল আবার দেখানো শুরু করেন পরিবেশকরা। এদিকে জানা গেছে,ভারতীয় চ্যানেলগুলো বন্ধ থাকলেও অনেক দর্শক ইউটিউব ও বিভিন্ন নেট সাইটে তাদের পছন্দের সিরিয়ালসহ অনুষ্ঠানগুলো দেখতে পারছেন।
