ত্রিশালে রাস্তায় দাঁড়ানো ট্রাকে বাসের ধাক্কা শিশুসহ নিহত ৭

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২৩:১৩

ময়মনসিংহের ত্রিশালে গতকাল শনিবার রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় শিশুসহ সাত জন নিহত হয়েছে। শুক্রবার রাতে ধোবাউড়ায় অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় এক রোগী মারা গেছেন। একই দিন মানিকগঞ্জের হরিরামপুর, চট্টগ্রামের মিরসরাইসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো ছয় জনের মৃত্যু ঘটেছে।

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গতকাল শনিবার বেলা ৩টার দিকে ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ সড়কের চেলেরঘাট নামক স্থানে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের সঙ্গে যাত্রীবাহি বাসের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই পাঁচ জন এবং ত্রিশাল হাসপাতালে এক জন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক জন মারা গেছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহতরা হলেন—আজমুল (৩২), সিরাজ (৩৫), ফাতেমা বেগম (২৫), আব্দুল্লাহ (৬) , আজমিনা (৮), নজরুল ইসলাম (৫০) ও হেলেনা (৪০)।

ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স শুক্রবার রাতে ময়মনসিংহে যাওয়ার পথে হরিয়াগাই নামক স্থানে দুর্ঘটনার কবলে পড়ে। এতে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা রোগী আব্দুস সাত্তার, তার সঙ্গে থাকা পাঁচ জন এবং গাড়িচালক আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হলে রাত ১২টার দিকে আব্দুস সাত্তার মারা যান। তার বাড়ি উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রামসিংহপুর গ্রামে।

হরিরামপুরে দুই

মোটরসাইকেলের

সংঘর্ষে নিহত ২

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, মানিকগঞ্জের হরিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং এক জন আহত হয়েছেন। শুক্রবার রাতে মানিকগঞ্জ-ঝিটকা-হরিরামপুর সড়কে হরিরামপুর উপজেলার কৌড়ি কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সাটুরিয়া উপজেলার তিল্লী এলাকার মামুন মিয়া (২৫) ও মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ববেতিলা গ্রামের সবুজ মিয়া (২৪)। আহত হয়েছেন হরিরামপুর উপজেলার পাড়াগ্রাম বিজয়নগর এলাকার       নিখিল সরকারের ছেলে কার্তিক (২৭)।

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে মহাসড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় একরাম হায়দার সেলিম (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে স্থানীয় ঠাকুরদীঘি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

একরাম হায়দার সেলিম উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন। এছাড়া ১৯৯৮ সালে তিনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মুজিবুল হকের ছেলে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি এ কে এম শরফুদ্দীন জানান, দুর্ঘটনার পর চালক মাইক্রোবাসটি রেখে পালিয়ে যান। পুলিশ মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

দহগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা জানান, পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল আতোয়ার হোসেন (২২) নামে এক যুবকের। জানা গেছে, মোটরসাইকেলটি চালাচ্ছিল তাওফিকুর রহমান নামে এক কিশোর। ঐ দুর্ঘটনায় যুবকের পাশে দাঁড়িয়ে থাকা আবুল কালাম (১৩) নামে এক কিশোর আহত হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল খালেক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল খালেকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কলেজপাড়া এলাকায়। তিনি ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) গাড়িচালক ছিলেন।

মদনে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

মদন (নেত্রকোনা) সংবাদদাতা জানান, নেত্রকোনার মদনে সড়ক দুর্ঘটনায় আহত রেজিয়া আক্তার (৬৫) নামে এক বৃদ্ধা গতকাল শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার কুঠুরীকোনা গ্রামের দুলাল মিয়ার স্ত্রী। রেজিয়া আক্তার গত রবিবার উপজেলার তিয়শ্রী ইউনিয়নের সড়কে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। গতকাল ঢাকা মেডিকেলে মারা যান তিনি। নিহতের পরিবারের লোকজনের অভিযোগ, ঘাতক মোটরসাইকেলচালকের লোকজন রোগীকে ঢাকা মেডিক্যালের বেডে ফেলে পালিয়ে যাওয়ায় অর্থের অভাবে সঠিক চিকিত্সা না পেয়ে তিনি মারা যান। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হবে। মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যুর খবর পেয়েছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ওসমানীনগরে চালক ঘুমিয়ে পড়ায় বাস খাদে, আহত ২০

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা জানান, গতকাল ভোরে সিলেটের ওসমানীনগরে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। জানা গেছে, চালক ঘুমিয়ে পড়ায় তিনি বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে সেটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। শনিবার ভোর ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদের সামনে দুর্ঘটনাটি ঘটে। 

জানা যায়, ঢাকা থেকে সুনামগঞ্জের ছাতকে যাওয়ার পথে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদের সামনে আসামাত্র বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। চালক ঘুমজড়ানো চোখে বাস চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।

ওসামনীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী এসকে পরিবহনের বাসটি চোখে ঘুম নিয়ে চালাচ্ছিলেন চালক। উপজেলার দয়ামীর ইউনিয়নের সামনে আসামাত্র বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক-সংলগ্ন খাদে পড়ে যায়। এতে যাত্রীদের অনেকেই আহত হয়েছেন। তবে কারো আঘাতই ততটা গুরুতর নয়। স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে।