খুললো চবি হল, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৬:২৯

দীর্ঘ ১৮ মাসের বেশি সময় বন্ধের পর আনুষ্ঠানিকভাবে খুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল। হলে প্রবেশের সময় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উচ্ছ্বাস ছিল শিক্ষার্থীদের মধ্যে। এসময় তাদেরকে ফুল, চকোলেট, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দিয়ে বরণ করে কর্তৃপক্ষ। কোনো কোনো হলে ছিল ফ্রি দুপুরের খাবারের ব্যবস্থাও।

সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় শহীদ আব্দুর রব হলে শিক্ষার্থীদের বরণ করে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। পরবর্তীতে তিনি হল পরিদর্শন করেন। এ সময় উপাচার্য বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন শান্তিপূর্ণভাবে হলে অবস্থান করে।

প্রশাসনের এমন আড়ম্বরপূর্ণ আয়োজনে খুশি শিক্ষার্থীরাও। দীর্ঘ করোনাকাল পরে হলে ফিরতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী সারাবান তহুরা মীম দৈনিক ইত্তেফাককে বলেন, দীর্ঘ ১৮ মাস পর প্রিয় আঙিনায় ফিরে আসার অনুভূতি আসলেই অন্যরকম। বিশ্ববিদ্যালয় জীবনের একটা ভালোবাসার জায়গা এই হল যার সাথে জড়িয়ে থাকে হাজারো মায়া। কোভিডের সাথে লড়াই করে আবারও এই জায়গায় ফিরে আসা, প্রিয় মুখগুলোর সঙ্গে দেখা হওয়া সবটাই যেন ভালোলাগার এক অন্য অনুভূতি।

সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী মো. মনসুর আবেদীন বলেন, দীর্ঘদিন পর প্রিয় আঙিনায় ফিরতে পেরে বেশ আনন্দ লাগছে। কতোদিন পর হলের রুমমেটদের সাথে দেখা হলো। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে আবারও হল ও ক্যাম্পাস জীবন সচল হলো।

এদিকে হলগুলো খোলায় চালু হয়েছে হলের ডাইনিং। খাবারের তৈরিতে ব্যস্ততা বেড়েছে সংশ্লিষ্ট কর্মচারীদের। অনেকদিন পর হলে ফিরে খুশি তারাও।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ও শহীদ আব্দুর সব হল প্রভোস্ট ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে যা যা প্রয়োজন করেছি। অনেকদিন পর তাদেরকে আমাদের মাঝে বেশ আনন্দ অনুভূত হচ্ছে।

ইত্তেফাক/এমএএম