নারায়ণগঞ্জে ৩ লক্ষাধিক টাকার জুয়ার বোর্ডসহ ৪০ জুয়ারি গ্রেফতার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৩

নারায়ণগঞ্জে শহরের দু’টি এলাকায় অভিযান চালিয়ে ৩ লক্ষাধিক টাকা জুয়ার বোর্ডসহ ৪০ জন জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের কালীর বাজার ও ৫ নং ঘাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

জানা গেছে, জনৈক শাজাহান দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে বিআই ডাব্লউটির জায়গায় জমজমাট জুয়ার আসর চালিয়ে আসছে। এছাড়া কালীর বাজার ও আমান ভবনে প্রতি রাতে লাখ লাখ টাকার জুয়ায় সর্বস্বান্ত হচ্ছে সাধারণ মানুষ। ডিবির অপর একটি টিম পুলিশ সুপারের নির্দেশে সাইন বোর্ড এলাকায় শাপলা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তিন নারী ও ১০ যুবককে গ্রেফতার করে।

পুলিশের একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নগরীর বাসস্ট্যান্ড এলাকাছাড়াও কালীর বাজার, বঙ্গবন্ধু সড়কের একাধিক এলাকায় প্রকাশ্যে এবং ফ্ল্যাট ভাড়া দিয়ে একটি সিন্ডিকেট রমরমা জুয়ার আসর বসিয়ে আসছে।

আরো পড়ুন: কুমিল্লায় হত্যা মামলায় দুই নারীসহ ৫ জনের যাবজ্জীবন

অভিযানের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর এ আলম জানান, ‘ অভিযানে আটককৃত সূ-চতুর শাজাহান জুয়ার আসর চালিয়ে আসলেও সে বিভিন্ন সময় নানা জনের নাম বিক্রি করে আসছিল। সমাজের সুধীজনদের নাম বিক্রি করে শাজাহান দীর্ঘদিন যাবৎ জুয়ার ব্যবসা চালিয়ে আসলেও অবশেষে গতকাল রাতে ডিবি পুলিশ জুয়ার আসরে হানা দিয়ে ৪০জন জুয়ারিকে ধরে নিয়ে যায়।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘অসামাজিক কার্যকলাপ এবং জুয়া মুক্ত নারায়ণগঞ্জ উপহার দেবেন। ইতিমধ্যেই তিনি মাদক, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে জাতির বিবেক বলে পরিচিত সাংবাদিকদের নাম ব্যবহার করে কেউ অবৈধ কাজ করলে সেই সব নামধারী সাংবাদিকদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/বিএএফ