১৮ মাস পর পূর্ণতা পেলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৭:২৬

দীর্ঘ করোনাকালের ধকল কাটিয়ে শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়৷ দীর্ঘ ১৮ মাস পর মঙ্গলবার (১৯ অক্টোবর) থেকে শুরু হয়েছে সশরীরে পাঠদান। সকাল ৯ টায় ক্যাম্পাস স্টেশনে পৌঁছে প্রথম শাটল ট্রেন। এর পর ধীরে ধীরে বাড়তে থাকে শিক্ষার্থীদের উপস্থিতি।

No description available.

দীর্ঘদিন পর শ্রেণিকক্ষে ফিরতে পেরে খুশি শিক্ষক-শিক্ষার্থীরা। বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজুল ইসলাম শিহাব বলেন, করোনার শুরুতে যখন ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়, তখন বেশ শঙ্কায় ছিলাম আর ক্লাসে ফিরতে পারবো কিনা। তবে দীর্ঘ ১৯ মাস পর সব শঙ্কা ও সংশয় দূর করে আমরা আবারও ক্লাসে ফিরতে পেরেছি। খুব ভালো লাগা কাজ করছে।

No description available.

একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী বলেন, সশরীরে ক্লাসে অংশ নিতে আমরা এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। অবশেষে আমরা সেই সময়টায় পৌঁছেছি। দীর্ঘ প্রায় ১৯ মাস পর ক্লাসে ফিরতে পেরেছি। শিক্ষার্থীরাও প্রাণবন্ত ছিল।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বর, বুদ্ধিজীবী চত্বর এবং কেন্দ্রীয় লাইব্রেরিসহ বিভিন্ন স্থানে আড্ডায় মেতে ছিলেন শিক্ষার্থীরা। অনেকদিন পর আবদ্ধ সময় থেকে বেরিয়ে যেনো নিশ্বাস নেন তারা। কলা ঝুপড়িতে আড্ডায় মেতে থাকা একদল শিক্ষার্থীর সাথে কথা হয় এ প্রতিবেদকের। তারা বলেন, ক্লাসের ফাঁকে কলা ঝুপড়ি আমাদের প্রিয় আড্ডাস্থল। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে ফিরতে পারলাম, বন্ধুরা মিলে আড্ডা দিতে পারলাম এর চেয়ে আনন্দদায়ক বিষয় আর কী হতে পারে।

ফাহিমা আহমেদ নামের নামের এক শিক্ষার্থী বলেন, বন্ধুদের পেয়ে আবদ্ধ সময়ের সেই দিনগুলোর কষ্ট নিমিষেই শেষ হয়ে গেছে। এমন আবদ্ধ সময় আর না আসুক সেটাই চাওয়া৷

ইত্তেফাক/এমএএম