অপরাধী যে-ই হোক, শাস্তি নিশ্চিত করা হবে :স্পিকার

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২৩:০৭

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি তার নির্বাচনি এলাকা রংপুরের পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া ও বড় করিমপুরে হিন্দু সম্প্র্রদায়ের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। হামলার শিকার মন্দির ও ঘরবাড়ি গতকাল মঙ্গলবার পরিদর্শন করেছেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেছেন, ‘অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। আমরা স্থানীয় ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, হামলার সময় বাইরে থেকে অনেক বহিরাগত ছিল। যাদের চেহারা দেখে এলাকার লোকজন চিনতে পারেনি। বহিরাগত অনেকের কাছে পেট্রোল ছিল। এটি একটি পরিকল্পিত ঘটনা।’    ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে উপজেলার বটেরহাট আরডিএস দাখিল মাদরাসা প্রাঙ্গণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার মূল পরিকল্পনাকারীদের শনাক্তকরণের পাশাপাশি প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। ক্ষতিগ্রস্তদের সাহস ও আশ্বাস দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক আপনাদের খোঁজখবর নিচ্ছেন। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ প্রশাসন আপনাদের পাশে আছে ও থাকবে।’ ভীতসন্ত্রস্ত না হয়ে তাদেরকে ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারসহ পুনর্নির্মাণ এবং আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণের আশ্বাস দেন স্পিকার। বিপদগ্রস্তদের পাশে আছেন এবং থাকবেন উল্লেখ করে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক জীবন নিশ্চিত না হওয়া পর্যন্ত সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবারের মাঝে দশ হাজার করে টাকা ও ১০০ বান্ডেল টিন বিতরণ করেন।

এ সময় রংপুরের বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি প্রমুখ উপস্থিত ছিলেন।