কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের অবরোধ

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২১:৩৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকসংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে তারা দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন। এতে সড়কটিতে কয়েক কিলোমিটার জুড়ে শতাধিক যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দ্রুত সড়ক সংস্কার না করলে পুনরায় আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এদিকে বিক্ষোভ মিছিল চলাকালে ইবি থানার পুলিশের সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করেছেন এবং গায়ে হাত তুলেছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম দৈনিক ইত্তেফাককে বলেন, ‘শিক্ষার্থীদের এই আন্দোলন আমি সমর্থন করি। ওরা যে দাবি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে, সে জন্য গায়ে হাত তোলার বিষয়টি সত্যিই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’ এছাড়া একই দাবিতে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী।