করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় পর্যটকদের জন্য সীমান্ত খুলতে শুরু করেছে থাইল্যান্ড। কম ঝুঁকিপূর্ণ ৪৬ দেশের টিকার ডোজ সম্পূর্ণকারী পর্যটকরা কোয়ারেন্টাইন ছাড়াই সেখানে ভ্রমণ করতে পারবেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওঁচা বলেছেন, ৪৬ দেশের পর্যটকদের জন্য আকাশপথে প্রবেশের পর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে কোয়ারেন্টাইন পালন করতে হবে না। আগামী ১ নভেম্বর থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে।

এর আগে, গত ১০ অক্টোবর করোনা মহামারির কারণে দীর্ঘদিন বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত বন্ধ রাখার পর তা আংশিক খোলার ঘোষণা দেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী।
গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রায়ুত চান ওঁচা আগের ১০ দেশের সেই সংখ্যা এখন ৪৬ করা হয়েছে বলে জানান। তবে কোয়ারেন্টাইন-মুক্ত ভ্রমণের নতুন এই তালিকায় কোন কোন দেশ আছে সে বিষয়ে কোনো তথ্য দেননি।
ইত্তেফাক/টিআর
