স্পোর্টস ডেস্ক
এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের ক্রিকেটার সূর্যকুমার হতে পারেন ‘গেমচেঞ্জার’। এমনটি মনে করছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তী ক্রিকেটার ওয়াসিম আকরাম। সাবেক এই পেস বোলার ভারত নিয়ে কথা বলেছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুলের ওপর যখন সাবেকরা বাজি ধরছেন, তখন ওয়াসিম আকরাম ভারতের সম্পূর্ণ এক ভিন্ন চরিত্রের ক্রিকেটারকে বেছে নিলেন। এই সাবেক তারকা ক্রিকেটার বলছেন যে, টি-২০ বিশ্বকাপে সূর্যকুমার যাদব হতে চলেছেন ভারতের ‘গেমচেঞ্জার’। যিনি ম্যাচের রঙ বদলে দিতে পারেন।
আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে দুরন্ত পারফরম্যান্স করছেন সূর্যকুমার। যার সুবাদে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেন ৩১ বছরের মুম্বাইয়ের এই ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটের দরজা খুলে যায় তার। ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত সূর্যকুমার খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। সেই সময় তাকে খুব কাছ থেকে দেখেছেন আকরাম। তখন আকরাম ছিলেন কেকেআরের বোলিং কোচ।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে আকরাম বলেন, ‘ভারত সূর্যকুমার যাদবের মতো একটা প্লেয়ার পেয়েছে। আমার মনে হয় সময় আসলে ও ৬ ওভারে খেলার ঘুরিয়ে দিতে পারে। আমি ওর শট দেখেছি। ও আমার সঙ্গে কেকেআরেও ছিল। ও ক্রিকেটার হিসেবে উন্নতি করেছে। সূর্য নিরাপদে শট খেলে। আমার মনে হয় না ও থামবে। আমার মনে হয় ও যেভাবে খেলে ভবিষ্যতেও সেভাবেই খেলবে। এখন বিষয় হচ্ছে আজকের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথম একাদশে সূর্যকুমার থাকেন কি না।’
