কক্ষে ঘড়ি না থাকায় ইবিতে বিড়ম্বনায় ভর্তি পরীক্ষার্থীরা 

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৭:০৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের খ ইউনিটভুক্ত মানবিক অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে ঘন্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষা চলাকালীন সময় বিভিন্ন কক্ষে ঘড়ি না থাকায় সময় নিয়ে বিড়ম্বনায় পড়েন পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষে বিষয়টি নিয়ে অভিযোগ করেন তারা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৬টি একাডেমিক ভবনে প্রায় শতভাগ পরীক্ষার্থীর উপস্থিতিতে খ ইউনিটভুক্ত মানবিক অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে পরীক্ষার উপকরণ ছাড়া অন্য কোনো ডিভাইস যেমন ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল বা কোনো ইলেকট্রনিক ডিভাইস, এটিএম কার্ড নিয়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকতে পারবেন না বলে জানায়েছিল পরীক্ষা আয়োজন কমিটি। ফলে পরীক্ষার্থীরা সময় নির্ধারণের পরীক্ষা কেন্দ্রের ঘড়ি ওপর নির্ভরশীল হলেও অধিকাংশ হলের ঘড়ি নষ্ট ছিল। এতে সময় নিয়ে বিড়ম্বনায় পড়ে পরীক্ষার্থীরা। 

চুয়াডাঙ্গা থেকে পরীক্ষা দিতে আসা ইসরাত নামের এক পরীক্ষার্থী বলেন, পরীক্ষার হলে ঘড়ি না থাকায় সময় দেখার কোন উপায় ছিলোনা। একারণে সময় ব্যবস্থাপনা নিয়ে ভোগান্তিতে পড়েছি। যেহেতু হলে ঘড়ি নিয়ে প্রবেশ নিষেধ তাই দেয়াল ঘড়ির ব্যবস্থা করা দরকার ছিলো।

ভোগান্তির বিষয়ে 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা সমন্বয়কারী প্রফেসর ড. দেবাশীষ শর্মা দৈনিক ইত্তেফাককে বলেন, পরীক্ষার্থীদের ঘড়ি আনতে নিষেধ করা হয়েছিল। এদিকে অনেক কেন্দ্রে ঘড়ি ছিল না। এতে শিক্ষার্থীদের সময় নিয়ে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে। কেন্দ্রীয় ভাবে এর একটা বিকল্প ব্যবস্থা করা উচিত। এটা কিভাবে সমাধান করা যায় বিষয়টি আমরা দেখবো।

ইত্তেফাক/ইআ