কুয়েটের ক্লাস শুরু কাল

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৭:৪০

শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্যাম্পাস। দেড় বছরেরও বেশি সময় পর ক্যাম্পাসে আসতে পেরে প্রাণবন্ত শিক্ষার্থীরা।

গত শুক্রবার কুয়েটের হলগুলো খুলে দেওয়া হয়। ওইদিন থেকেই হলে উঠতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের ৩য় ও ৪র্থ বর্ষ এবং স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা। কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণকারী শিক্ষার্থীরা টিকা কার্ড দেখিয়ে করে হলে প্রবেশ করতে পারছে। ক্লাস শুরু হবে আগামীকাল থেকে। আর আগামী ৫ নভেম্বর শুক্রবার অন্যান্য শিক্ষার্থীরা হলে উঠতে পারবে এবং তাদের ক্লাস শুরু হবে ৭ নভেম্বর, রবিবার।

এ বিষয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ, তাদের পদচারণায় মুখরিত হয়েছে কুয়েট ক্যাম্পাস। তিনি আরও বলেন, করোনার কারণে সারা দেশের শিক্ষার্থীদের ন্যায় আমাদের শিক্ষার্থীদেরও অপূরণীয় ক্ষতি হয়েছে, লেখাপড়ার প্রতি মনোযোগের মাধ্যমে এই ক্ষতি কাটিয়ে উঠতে হবে। তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

ইত্তেফাক/জেডএইচডি