মানবসেবার চেয়ে বড় কিছু নেই :কৃষিমন্ত্রী

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২১:৪১

ইত্তেফাক রিপোর্ট

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেছেন, পৃথিবীতে মানবসেবার চেয়ে আর বড় কিছু নেই। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার মধ্যেই প্রকৃত মানবতা। প্রতিটি হাসপাতালের চিকিত্সক ও নার্সসহ সংশ্লিষ্ট সবাইকে সবসময় বিষয়টি মাথায় রাখতে হবে। মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদেরও এই ব্রত শিক্ষা দিতে হবে, যাতে মানুষের সেবাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দেন। গতকাল রবিবার রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে ‘বাংলাদেশ মেডিক্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (বিএমএসআরআই) অফিসার্স এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটির দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

ড. আবদুর রাজ্জাক বিএমএসআরআই-এর চেয়ারম্যান। তিনি আরো বলেন, বিএমএসআরআইয়ের যে সুনাম সেটিকে ধরে রাখতে এর প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে আরো আন্তরিতকতার সঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ‘ছায়ানীড়’ গ্রুপের চেয়ারম্যান ও কেরানীগঞ্জ ঢাকা সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বলেন, চিকিত্সার উন্নয়নে গবেষণার কোনো বিকল্প নেই। আরেক বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী জেসমিন চৌধুরী আলপনা।