আইইউবির ২১ ও ২২তম সমাবর্তন অনুষ্ঠিত

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২২:০২

অনুষ্ঠিত হয়ে গেলো ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ২১ ও ২২তম সমাবর্তন। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) ভার্চুয়ালি এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সমাবর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং গ্র্যাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের অনেক অর্জন, তবে আমাদের আরও অনেক কিছু অর্জন করতে হবে। আমাদের লক্ষ্য শিক্ষাকে সবার কাছে পৌঁছে দেয়া, শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, শিক্ষাকে জীবন ও সংস্কৃতিমুখি করা,সৃজনশীল এবং আনন্দময় করা।

তিনি আরও বলেন, আইইউবি অত্যন্ত সুনামের সঙ্গে এর শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। করোনাকালীন সময়ে আইইউবিতে অনলাইন শিক্ষাকার্যক্রম ও অ্যাক্টিভিটিগুলো খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে। ডিজিটাল শিক্ষা বাস্তবায়ন বা অনলাইন শিক্ষা কার্যক্রম, ই-লার্নিং, দূরশিক্ষণ ও অত্যাধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার ফলে এই করোনাকালেও আইইউবি-তে মান সম্মত শিক্ষা বাস্তবায়িত হচ্ছে। আজ বাংলাদেশ ডিজিটাল হয়েছে বলেই বিজ্ঞানের সুফল আমরা পাচ্ছি।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যন ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা এখন তথ্য যুগে বসবাস করছি। দ্রুত বর্ধনশীল প্রতিযোগিতার বাজারে গ্র্যাজুয়েটদের উপযুক্ত দক্ষতা অর্জন ও সূক্ষ্ম চিন্তাশক্তি বাড়াতে হবে।  তিনি বলেন, তোমরা যদি ঝুঁকি নিতে না পারো তাহলে উদ্যোক্তা হওয়ার দরকার নেই। জীবনে বড় হতে হলে আর্থিক শৃঙ্খলা মেনে চলার অনুরোধ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। তিনি আশা প্রকাশ করেন যে, স্নাতকরা শুধুমাত্র ভাল যোগ্য পেশাদারই নয় বরং স্বাধীন চিন্তাবিদও হবেন, সর্বোপরি সমাজের জন্য আদর্শ মানুষ হিসেবে নিজেকে তৈরি করবেন।

আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব এ মতিন চৌধুরী, এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্ট (ইএসটিসিডিটি)-এর চেয়ারম্যান মিসেস নিলুফার জাফরুল্লাহ, উপাচার্য তানভীর হাসান পিএইচডি অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।  

এবারের সমাবর্তন অনুষ্ঠানে সর্বমোট ২ হাজার ১৪৩ জন শিক্ষার্থীদের মধ্যে সনদ দেওয়া হয় যার মধ্যে ২১তম সমাবর্তনের মোট ১২৭৯ গ্র্যাজুয়েটদের মধ্যে ৮৯৯ জন স্নাতক ও ৩৮০ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী সনদ পেয়েছেন এবং ২২তম সমাবর্তনের ৮৬৪  গ্র্যাজুয়েটদের মধ্যে ৬৭০ জন স্নাতক ও ১৯৪ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী সনদ পেয়েছেন। সমাবর্তন অনুষ্ঠানে আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, ইএসটিসিডিটি এর সদস্যবৃন্দ, গ্রাজুয়েট বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষক-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আইইউবি’র অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল থেকে সমাবর্তন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

ইত্তেফাক/জেডএইচডি