চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায় আয়েশা বেগম (৪৮) নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেল বেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ সন্তানের এ জননীর মৃত্যু হয়।
আয়েশা বেগম উক্ত ইউনিয়নের রাজঘাটা এলাকান দিনমজুর আবদুস সবুরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রী বাড়িতে থাকতেন। সন্তানরা বাহিরে থাকে। গৃহবধু আশেয়া বেগম শারিরীকভাবে অসুস্থ ছিল। ঘটনার দিন সকালে গৃহবধুর স্বামী কাজে বাড়ি থেকে বের হন। দুপুরে বাড়িতে এসে তিনি দেখতে পান স্ত্রী বিষপান করে অচেতন অবস্থায় পড়ে আছে। আশপাশের লোকজনের সহযোগিতায় চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কি কারণে গৃহবধু আত্মহত্যা করেছেন তার কারণ জানা যায়নি।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিলা আক্তার সাংবাদিকদেরকে জানান, স্বজনরা দুপুরে বিষপান করা এক মহিলাকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছিল। কিন্তু স্বজনরা তাকে নিয়ে যায়নি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ সাংবাদিকদেরকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করেন। আত্মহত্যার ব্যাপারে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/কেএইচ
