দিল্লির কৃষক বিক্ষোভস্থলে ট্রাকচাপায় ৩ নারী নিহত

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১২:০৯

ভারতের দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষক বিক্ষোভস্থলের কাছে একটি ট্রাকের চাপায় তিন নারী নিহত হয়েছেন। দ্রুত গতির ট্রাকটি রোড বিভাজকের ওপর উঠে গেলে দুই নারী ঘটনাস্থলে এবং অপর একজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

এনডিটিভির খবরে বলা হয়েছে, অটোরিকশার অপেক্ষায় রোড বিভাজকের ওপর বসেছিলেন ঐ তিন নারী। সে সময় ট্রাক তাদের চাপা দেয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত তিন নারী পাঞ্জাবের মানসা জেলার বাসিন্দা।

দুর্ঘটনাটি ঘটেছে তিকরি সীমান্তের কাছে। সেখানে প্রায় ১১ মাস ধরে ভারতের নতুন তিন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ করছে পাঞ্জাব, হরিয়ানাসহ বিভিন্ন রাজ্যের কৃষকরা। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, নিহত তিন নারী কৃষি আইন বিরোধী বিক্ষোভে শামিল ছিলেন।

ইত্তেফাক/টিআর