৫ বছর পর হচ্ছে ঢাবি ছাত্রলীগের বার্ষিক সম্মেলন

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৩:১১

২০১৬ সালের ডিসেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের হল কমিটি হওয়ার দীর্ঘ ৫ বছর পর নতুন করে কমিটি পাচ্ছে হলগুলো। আগামী ২৮ নভেম্বর থেকে হলগুলোর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে নতুন কমিটি ঘোষণা করা হবে। বার্ষিক সম্মেলনের (প্রতি বছর) মাধ্যমে হল কমিটি গঠনের কথা থাকলেও ৫ বছর পর হচ্ছে এ কমিটি।

শনিবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তারিখ ঘোষণা করা হয়। সম্মেলন সফল করতে প্রতিটি হলের নেতা-কর্মীদের সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এই দুই শীর্ষ নেতা।

সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, আওয়ামী লীগের দ্বায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সঙ্গে বসেই আমরা হল সম্মেলনের তারিখ নির্ধারণ করেছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সর্বশেষ বার্ষিক হল সম্মেলন হয় ২০১৬ সালের ২৭ নভেম্বর। এর ১৬ দিন পর ১৩ ডিসেম্বর এক বছরের জন্য ঢাবি ছাত্রলীগের ১৮টি হল শাখার কমিটি ঘোষণা করা হয়। ২০১৮ সালের ২৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে একই বছর ৩১ জুলাই সনজিত চন্দ্র দাস সভাপতি ও সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও এতদিন হল কমিটি হয়নি।

ইত্তেফাক/এএএম