৫৯৩ দিন পর মঙ্গলবার খুলছে বেরোবির হল

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৬:২২

করোনার কারণে ২০২০ সালের ১৯ মার্চে হওয়ার ৫৯৩ দিন পর মঙ্গলবার (২ নভেম্বর) খুলছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক হলগুলো। 

শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ২ নভেম্বর আবাসিক হলগুলো খোলা হবে এবং ১১ নভেম্বর শিক্ষার্থীদের সশরীর ক্লাস শুরু হবে। যদি কোনো শিক্ষক চান তবে তিনি অনলাইনে ক্লাস নিতে পারবেন।

তিনি আরও জানান, কিছু শর্ত পূরণ সাপেক্ষে হলের আবাসিক শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। শর্তগুলো হলো- স্বাস্থ্যবিধি মানতে হবে, অবশ্যই শিক্ষার্থীকে হলে বৈধ আবাসিক হতে হবে এবং অন্ততে করোনাভাইরাস (কোভিড-১৯) এক ডোজ টিকা গ্রহণের সনদ কর্তৃপক্ষকে দেখাতে হবে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য নোটিশের মাধ্যমে জানানো হবে বলেও জানান ওই কর্মকর্তা।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হাসিবুর রশীদের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় প্রো-ভিসি অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামালসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম