১০ নভেম্বর থেকে বুয়েটের হল খুলছে

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৯:৩৭

করোনায় দীর্ঘ ১৯ মাসেরও বেশী সময় বন্ধ থাকার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ১০ নভেম্বর শিক্ষার্থীদের এক ডোজ টিকা গ্রহণের শর্তে থেকে স্নাতক পর্যায়ের আবাসিক হল খুলে দেওয়া হবে। 

রবিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের সকল আবাসিক হল (শহীদ স্মৃতি হল ব্যতীত) আবাসিক শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হবে। আবাসিক হলে অবস্থান করার জন্য শিক্ষার্থীদের কমপক্ষে ১ ডোজ করোনার ভ্যাকসিন গ্রহণ করা থাকতে হবে।

শহীদ স্মৃতি হল না খোলার বিষয়ে অধ্যাপক মিজানুর রহমান বলেন, শহীদ স্মৃতি হল স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত। আমাদের স্নাতকোত্তরের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা অনলাইনে চলমান রয়েছে। যার কারণে তাদের ক্লাস এখনো শুরু হয়নি। ক্লাস শুরুর কয়েকদিন আগে হল খোলার বিষয়টি আমরা তাদের জানিয়ে দেবো। 

ইত্তেফাক/এমএএম