সাভারে পুলিশের ওপর হামলা ও মারধর, গ্রেফতার ১

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৮:৫২

সাভারে সরকারি কাজ করতে গিয়ে সন্ত্রাসী হামলায় পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়েছে। 

সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত দুই শিল্প পুলিশের সদস্যরা হলেন নুর মোহাম্মদ ও সৌরভ কুমার। এদের মধ্যে একজনকে চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জুয়েল নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক জুয়েল ঝালকাঠি জেলার খালেদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাতে সাভারে পুলিশের দুই সদস্য মোটরসাইকেল করে রাষ্ট্রীয় ডাক নিয়ে রাজধানীর উত্তরায় যাচ্ছিলেন। এসময় তারা বিরুলিয়ার বেড়িবাঁধ এলাকায় হানিফ নামের এক ব্যক্তির চায়ের দোকানে চা খেতে বসলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের সাথে জুয়েল নামের এক সন্ত্রাসীর তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে জুয়েল পুলিশের দুই সদস্যকে পিটিয়ে মারাত্মক জখম করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসী জুয়েলকে আটক করে। আহত এক পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কুদ্দুস বলেন, সরকারি যাওয়ার পথে বিরুলিয়া এলাকার পুলিশের উপর হামলার  ঘটনা ঘটে। এসময় আমাদের দুই সদস্য আহত হয়। এদের মধ্যে কনস্টেবল নুর হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজারবাগ পুলিশ লাইসেন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত অপর পুলিশ সদস্য সৌরভ কুমার বাদি হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। 

 

ইত্তেফাক/এমএএম