চলতি টি-২০ বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা দল কোনটি? এর উত্তরে কেউ বলবে পাকিস্তান, কেউ বলবে ইংল্যান্ড। দুই দলই এখন পর্যন্ত অপরাজিত। অথচ পাকিস্তান সেমিফাইনাল নিশ্চিত করে ফেললেও ঝুলে আছে ইংল্যান্ড। তবে ঝুলে আছে শুধু গাণিতিক সুতোয়, খালি চোখে দেখলে তাদেরও সেমিফাইনালে জায়গা পাকা। রানরেটের যা অবস্থা তাতে তাদের টপকে শেষ চারে জায়গা করে নেয়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পক্ষে প্রায় অসম্ভব।
পয়েন্ট টেবিলের তিনে থাকা দক্ষিণ আফ্রিকার জন্য কাজটা অসম্ভব তো বটেই কঠিনও। কেননা শারজায় আজ তাদের প্রতিপক্ষ যে খোদ ইংল্যান্ডই। এই ম্যাচ দিয়েই ইতি টানছে সুপার টুয়েলভে গ্রুপ ১ এর খেলা। আর শেষ খেলাটাই সবচেয়ে রোমাঞ্চকর। তবে দক্ষিণ আফ্রিকার জন্য সহজ বিষয়টা হচ্ছে সেমিফাইনালে যেতে হলে কী করতে হবে তা জেনেই মাঠে নামবে। কেননা আগেই নিশ্চিত হয়ে যায় অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ফল।
আপাতত জয় ছাড়া প্রোটিয়াদের হাতে ভিন্ন কোনো পথ নেই। কিন্তু ইংল্যান্ডের সাম্প্রতিক ফর্ম দেখে তাদের ছুড়ে ফেলতে বাধ্য হচ্ছেন অনেকেই। তার ওপর খেলা হলো শারজায়। যেখানে সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চাপের মুখে অনন্য এক সেঞ্চুরি করেন ইংলিশ ওপেনার জস বাটলার। এখনো পর্যন্ত সেটিই বিশ্বকাপের একমাত্র সেঞ্চুরি। বাটলারের ফর্ম বিশ্বকাপের শেষ মুহূর্ত অব্যাহত থাকুক এটাই চায় ইংলিশরা।
ঠিক তেমনি গ্রুপের শীর্ষস্থান মজবুত থেকেও জয়ের বিকল্প কিছু ভাবছেন না অধিনায়ক এউইন মরগান, 'জয়ের ইচ্ছা নিয়েই আমরা এই ম্যাচে খেলতে নামব। অতীতে যেসব পরিস্থিতিতে পরেছি তাতে আমরা জানি কোনো স্থানান্তর যোগ না করে বিশ্বকাপে ম্যাচ জেতা কতটা কঠিন। আমার মনে হয় তারা বিপজ্জনক দল। স্কোয়াডের দিক থেকে দেখলে আমার মনে হয় একটি বিশ্বকাপে যা যা প্রয়োজন তার সবকিছুই আছে তাদের। বিশেষ করে এমন টুর্নামেন্টে যেখানে উইকেট মন্থর ও নীচুর দিকে যাচ্ছে।'
ইংল্যান্ডের জন্য নেতিবাচক দিক হচ্ছে টুর্নামেন্ট থেকে টাইমাল মিলসের ছিটকে যাওয়া। ডেথ ওভারে এই পেসারের স্লোয়ার, ইয়র্কার বেশ কার্যকরী ছিল ইংলিশদের। তাতে অবশ্য সুবিধাই হলো প্রোটিয়াদের। তবে অধিনায়ক টেম্বা বাভুমা জানেন জিততে হলে সেরাটাই দিতে হবে, আজ স্পষ্টতই বড় ম্যাচ। কেউ বলছে এটা আমাদের কোয়ার্টার ফাইনাল। তাই সেই দৃষ্টিকোণ থেকে আমরা সেরা ক্রিকেটটাই খেলতে চাই আজ।
