সিলেটের আম্বরখানায় নেপালি দুই নাগরিক আটক 

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৫:৫০

নগরীর আম্বরখানায় দুই নেপালি নাগরিককে শুক্রবার রাতে পুলিশ আটক করেছে। শুক্রবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে আম্বরখানা পয়েন্টে একটি রেস্টুরেন্টের সামনে থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন শাহজালাল মাজার তদন্তকেন্দ্রের ইনচার্জ এস.আই আব্দুর রহিম।

আটক হওয়া দুই নাগরিকের নাম শান বাহাদুর (৪৫) ও তার ছেলে জয় কুমার (১৪)। 

সিলেট বিমানবন্দর থানার ওসি খান মোহাম্মদ মইনুল জাকির দুপুরে ইত্তেফাককে জানান, শান বাহাদুরের পায়ে ব্যথা থাকায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা শেষে আটক পিতা-পুত্রকে দুপুরে আদালাতে পাঠানো হয়। তিনি জানান, নেপালি এই দুই নাগরিক সিলেট হয়ে তামাবিল সীমান্ত পাড়ি দিয়ে ভারতের গৌহাটি যাওয়ার উদ্দেশ্য ছিল।

এস. আই আব্দুর রহিম জানান, শান বাহাদুর ও তার ছেলে জয় কুমার সুনামগঞ্জ থেকে আম্বরখানা পয়েন্টে নেমে কেনাকাটা করছিলেন।  এসময় পুলিশ গিয়ে শান বাহাদুর ও জয় কুমারকে আটক করে। তিনি আরও জানান, তারা দুজন হিন্দি ভাষায় কথা বলছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ দুজন জানিয়েছেন, তারা ভারত থেকে সুনামগঞ্জ হয়ে সিলেট এসেছেন। এই দুজনের কোন বৈধ কাগজপত্র নেই। তারা তাহিরপুরের বরছড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তারা জানিয়েছেন, কাজের খোঁজে তারা বাংলাদেশে ঢুকে পড়ে। 

 

 

ইত্তেফাক/ ইআ