র‌্যাগিংমুক্ত ক্যাম্পাস দাবিতে রাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৮:২৮

নাট্যকলার শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের নামে মানসিক নির্যাতনের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। রবিবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় শহীদ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষকরা নিশ্চয়তা দিয়েছিলেন যে বিশ্ববিদ্যালয়ে কোনো র‌্যাগিং নেই। তারপরও এমন ঘটনা ঘটলো। আমরা এ ঘটনার বিচার চাই। আমরা র‌্যাগিংমুক্ত ক্যাম্পাস চাই। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, মানববন্ধনে অংশ নেওয়ায় তাদের বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো ছাড়াও বাধা দেয়া হয়েছে। এমনকি মানববন্ধন থেকে অনেক শিক্ষার্থীকে সরিয়ে নেওয়া হয়েছে।

এসময় মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ‘র‌্যাগিংয়ের সুষ্ঠু বিচার চাই’, ‘অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই’, ‘শারীরিক ও মানসিক নির্যাতনের রিরুদ্ধে রুখে দাঁড়াও’, ‘র‌্যাগিংমুক্ত ক্যাম্পাস চাই’ ইত্যাদি স্লোগান সম্বলিত ফেস্টুন দেখা যায়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত শহীদ ড. শামসুজ্জোহা হলের ছাদে র‌্যাগিংয়ের নামে রাতভর মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সামি এম সাজিদ। নির্যাতনের এক পর্যায়ে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে পরদিন শুক্রবার সন্ধ্যায় তাকে চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। 

ইত্তেফাক/ ইআ