শাবিতে স্বল্পসুদে গৃহনির্মাণ ঋণ প্রদান শুরু

আপডেট : ১১ মার্চ ২০২২, ২১:০৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে স্বল্পসুদে গৃহনির্মাণ ঋণ বিতরণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে ৬০ লক্ষ টাকা প্রদানের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে এ গৃহঋণ কর্মসূচি শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন সোনালী ব্যাংকের শাবি শাখার ম্যানেজার মো. দিলশাদ আলী।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সোনালী ব্যাংকের যৌথ উদ্যোগে কর্মসূচির আওতায় গৃহঋণ বিতরণ শুরু হয়েছে। ইতোমধ্যে এ ঋণ নিতে ব্যাপক সাড়া পড়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাদের গ্রেড ভিত্তিক সিলিং অনুযায়ী আবাসিক গৃহনির্মাণ খাতে (বাড়ি নির্মাণ, ফ্ল্যাট ক্রয়, জমিসহ তৈরি বাড়ি ক্রয়) সোনালী ব্যাংক শাবিপ্রবি শাখা থেকে স্বল্প সুদে এ ঋণ গ্রহণ করতে পারবেন।

ইত্তেফাক/এমএএম