হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ (টিএফসিএল-২০২১)’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় তাজউদ্দিন সোলজার্সকে ৮ রানের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম বার্নার্স।
‘একতাই শক্তি একতাই বল মাদক ছেড়ে মাঠে চল’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমেদ হল এ খেলার আয়োজন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. ইমরান পারভেজ, বিভিন্ন হলের হল সুপারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাজউদ্দিন আহমেদ হলের হল সুপার সহযোগী অধ্যাপক ড. মো. শাহানুর কবীর।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর চারটি দলের রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে প্রতিযোগিতাটি শুরু হয়।
