এফডিসিবি ফ্যাশন উইক

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ২০:৩২

ফ্যাশন ডিজাইনারদের সংগঠন ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি) আয়োজিত ‘বাংলাদেশ কুটর উইক ২০২১’ শুরু হয়েছে গতকাল ২ ডিসেম্বর ঢাকার গুলশান নর্থ অ্যাভিনিউয়ের ওয়াটারএজ গ্যালারিতে। 

ফ্যাশন উইকটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

ফ্যাশন উইকটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ ছাড়া ছিলেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাউরি, অভিনয়শিল্পী শম্পা রেজাসহ আরও অনেকে। প্রদর্শনীর পাশাপাশি এফডিসিবির একটি বইও উদ্বোধন করেন প্রধান অতিথি। রেশম বা সিল্ক পোশাকের উন্নয়ন, ব্যবহার ও উৎপাদনের নানান দিক নিয়ে ফ্যাশন উইকটি চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিনে পোশাকের প্রদর্শনীর পাশাপাশি ছিল একটি ফ্ল্যাশ শো।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এফডিসিবি’র প্রেসিডেন্ট মাহিন খান  

সংগঠনটির প্রেসিডেন্ট মাহিন খান বলেন, ‘এফডিসিবি একটি অলাভজনক ডিজাইনারদের প্রতিষ্ঠান। এ আয়োজনে আমরা চাঁপাইনবাবগঞ্জের সিল্ক শিল্প নিয়ে কাজ করেছি। ৬০০ বছরের পুরোনো এ কাপড়ে একটি বৈশ্বিক রূপ দিয়ে একে একটি ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের চেষ্টাই এ আয়োজনের লক্ষ্য।’

এবারের এফডিসিবি’র ফ্যাশন উইকে দেশের ১৭ জন ডিজাইনারের নকশা করা পোশাক স্থান পেয়েছে

এবারের ফ্যাশন উইকে দেশের ১৭ জন ডিজাইনারের নকশা করা পোশাক স্থান পেয়েছে। তারা হলেন—মাহিন খান, এমদাদ হক, শৈবাল সাহা, চন্দনা দেওয়ান, লিপি খন্দকার, শাহরুখ আমিন, ফাইজা আহমেদ, তাসফিয়া আহমেদ, সায়িদা রশিদ চৌধুরী, ফারাহ আনজুম বারী, রিফাত রহমান, সারা করিম, ফারজানা নোভা, রুপো শামস, রিমা নাজ, নওশীন খায়ের ও আফসানা ফেরদৌসি। 

প্রথম দিনে পোশাকের প্রদর্শনীর পাশাপাশি ছিল ফ্ল্যাশ শো। এতে অন্যান্য মডেলদের সঙ্গে ইমি

ফ্যাশন উইকে গ্যালারিজুড়ে আছে বুননশিল্পীদের নিজ হাতে বোনা রেশম বা সিল্কের কাপড়ে তৈরি নানান রকম পোশাক। শুধু শাড়ি নয়, সিল্ক থেকে আরও কত ধরনের পোশাক যে তৈরি করা সম্ভব, সেটাই রয়েছে এ প্রদর্শনীতে। আজ দ্বিতীয় দিনেও ছিল ফ্ল্যাশ শো, কারুশিল্পে অনন্য অবদানের জন্য বিশেষ সম্মাননা ও ডিজাইন শিল্প নিয়ে আলোচনা।

ইত্তেফাক/আরএম